গুরুদাসপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধর করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, ছাত্রীটির শরীরজুড়ে জখম ও আঘাতের চিহ্ন। তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রীর বাবা বলেন, প্রতিবেশীর সঙ্গে তাঁর জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। গতকাল দুপুরে প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তারা তাঁর স্কুলপড়ুয়া মেয়ের শ্লীলতাহানি করে। অনেক মারধরও করে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর মেয়েকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এরপর তাঁর মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাঁর স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়।
ছাত্রীর বাবা অভিযোগ করেন, খালেক এলাকার প্রভাবশালী ব্যক্তি। বাড়িতে ঢুকে তাঁর মেয়ে ও স্ত্রীকে নির্যাতন করলেও কেউ কিছুই বলেননি। মারধরের সময় তাঁর মেয়ের গলায় থাকা একটি সোনার চেইন ও ঘরে থাকা এক লাখ টাকাও তারা নিয়ে গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।