গুরুদাসপুরে স্কুলে তালা দিয়েছেন দুই শিক্ষক
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজে (স্কুল শাখা) ছাত্রছাত্রীদের স্কুল থেকে জোর করে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্কুলের দুই শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ তারিখ-উল ইসলাম শিক্ষক আমানউল্লাহ আজম ও আবদুল মান্নানের বিরুদ্ধে গত মঙ্গলবার নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জানা গেছে, ওই দুই শিক্ষক মঙ্গলবার বিধিবহির্ভূতভাবে স্কুল শাখার ছাত্রছাত্রীদের স্কুলে আসতে বাধা দেন এবং স্কুলে এলে সংঘর্ষ বাধতে পারে বলে তাদের ভয় দেখান। একপর্যায়ে ওই দুই শিক্ষক স্কুলে তালা ঝুলিয়ে স্কুল ছুটি ঘোষণা করেন।অধ্যক্ষ বলেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিন্তু ওই শিক্ষকদ্বয় স্কুলে তালা লাগিয়ে স্কুল বন্ধ ঘোষণা করেন। ভয়ে আমি প্রতিবাদ করতে পারিনি।’আমানউল্লাহ আজম বলেন, তাঁর ও শিক্ষক আবদুল মান্নানের বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। মূলত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের কারণে তাঁদের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপালচন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।