গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে বাঁচাতে গিয়ে সেনাসদস্যদের বহনকারী একটি বাস মহাসড়কের নিচে পড়ে গেছে। এতে বাসে থাকা পাঁচ সদস্য আহত ও একটি প্রশিক্ষিত কুকুর মারা গেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আহত সেনাসদস্যরা হচ্ছেন টিম লিডার জহিরুল ইসলাম (৪৫), শহিদুল ইসলাম (৩০), নয়ন (২৮) ও সোহেল (৩২)। এঁদের মধ্যে জহিরুল ইসলাম ও শহিদুল ইসলামকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের মহাসড়কের নয়বাজার মমতাজ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম জানান, তাঁর হাসপাতালে চিকিৎসাধীন দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে টিম লিডার জহিরুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন।
গুরুদাসপুর থানা ও বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সেনাসদস্যদের বহনকারী বাসটি (নং ৪৫২২) সাভার সেনানিবাস থেকে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে যাচ্ছিল। সদস্যদের সঙ্গে প্রশিক্ষিত ছয়টি কুকুরও ছিল। বাসটি হাজীরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি সেনাসদস্যদের বহনকারী বাসটির সামনে পড়ে যায়। একপর্যায়ে সেনাসদস্যদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন সেনাসদস্যরা। মারা যায় একটি কুকুর।
পরে হাইওয়ে, গুরুদাসপুর থানা-পুলিশ ও নাটোরের ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করেন। তবে ট্রলিচালক পালিয়ে যান। এ ব্যাপারে মামলা হয়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফ আলী।