গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীরহাটে সেনাবাহিনীর দুর্ঘটনাকবলিত  বাস। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীরহাটে সেনাবাহিনীর দুর্ঘটনাকবলিত বাস। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

নাটোরের গুরুদাসপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিকে বাঁচাতে গিয়ে সেনাসদস্যদের বহনকারী একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে চার সেনাসদস্য আহত হয়েছেন। এ সময় মারা গেছে একটি প্রশিক্ষিত কুকুর। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজীরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যরা হচ্ছেন দলনেতা জহিরুল ইসলাম (৪৫), শহিদুল ইসলাম (৩০), নয়ন (২৮) ও সোহেল (৩২)। এঁদের মধ্যে জহিরুল ইসলাম ও শহিদুল ইসলামকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যদের মহাসড়ক-সংলগ্ন নয়বাজার মমতাজ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম বলেন, তাঁর হাসপাতালে চিকিৎসাধীন দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে দলনেতা জহিরুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন।
গুরুদাসপুর থানা ও বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সেনাসদস্যদের বহনকারী বাসটি সাভার সেনানিবাস থেকে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে যাচ্ছিল। সদস্যদের সঙ্গে প্রশিক্ষিত ছয়টি কুকুরও ছিল। হাজীরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি হঠাৎ করে বাসটির সামনে পড়ে যায়। ট্রলিটিকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন সেনাসদস্যরা। মারা যায় একটি কুকুর।
পরে হাইওয়ে, গুরুদাসপুর থানা-পুলিশ ও নাটোরের ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত সেনাসদস্যদের উদ্ধার করেন। তবে ট্রলিচালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলা হয়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফ আলী।