গুরুদাসপুরে সড়কে বসে হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে সড়ক দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংসহ অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চাঁচকৈড় বাজারের প্রতিটি সড়কেই ছোট ছোট চায়ের দোকান ও পানের স্টল গড়ে উঠেছে। আর সড়কের মধ্যে কাঠ, রসুন, পুরোনো কাপড়, গম, সরিষা, কলাই, সবজি, শিশুর পোশাক, পান-সুপারি, ডাব, চাল-ডাল, বীজ, চানাচুর ও ফলের দোকান বসেছে। বাজারের পূর্ব পাশের নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইসমাইল মাস্টারের বাড়ি-সংলগ্ন চৌরাস্তা এবং পশ্চিমে আমজাদ স্মৃতি গেট থেকে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের বাসভবন পর্যন্ত সড়কের উভয় পাশে শ্যালোচালিত টেম্পু, ভটভটি, নসিমন, করিমন, রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাক, মাইক্রোবাস রাখা হয়েছে। এসব বাহনের চালকেরা যাত্রী তোলার প্রতিযোগিতায় এলোপাতাড়িভাবে সড়কের ওপর তাঁদের বাহন রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত গুরুদাসপুর পৌরসভার আয়তন প্রায় নয় বর্গকিলোমিটার। এর মধ্যে চাঁচকৈড় বাজারের আয়তন প্রায় পাঁচ বর্গকিলোমিটার। প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আফসার আলী, চাঁচকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, শহরের সড়কজুড়ে হাট বসার কারণে শনি ও মঙ্গলবার স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কম থাকে। কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বরকত আলী মিয়া ও টিন ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সরকার জানান, পরিকল্পিতভাবে সড়কের পাশের জায়গায় হাট বসালে ব্যবসায়ীসহ সবারই উপকার হতো। যানবাহন চলাচলেও কোনো অসুবিধা হতো না। গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘অনেক আগে থেকেই চাঁচকৈড় হাটটি এভাবে চলে এসেছে। তবে আমি ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে হাট সম্প্রসারণের মাধ্যমে নাগরিকসুবিধা নিশ্চিত করার চেষ্টা করব।’