নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের ভেতর থেকে সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় প্রায় ১০০ বিঘা জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের (বিএমডিএ) আওতায় তিন মাস ধরে গ্রামের কৃষক আকবর আলী ওই নলকূপের তত্ত্বাবধানে আছেন। নলকূপের জন্য দেড় লাখ টাকা ব্যয়ে তিনি তিনটি ট্রান্সফরমারের সংযোগ পান মাস দুয়েক আগে। এই নলকূপের মাধ্যমে দুই সপ্তাহ আগে সেচ দেওয়া শুরু হয়। ৩১ জানুয়ারি ট্রান্সফরমারগুলোর ভেতর থেকে সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় ৪০ জন কৃষক তাঁদের জমিতে সেচ দিতে পারছেন না। এ কারণে বোরোর প্রায় ২০ বিঘা জমিসহ প্রায় ১০০ বিঘা জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। গম, রসুন, পেঁয়াজ ও তরমুজখেতেও সেচ দেওয়া যাচ্ছে না। আকবর আলী জানান, এখন নতুন তিনটি ট্রান্সফরমার কিনতে দেড় লাখ টাকা লাগবে। কিন্তু টাকার অভাবে তিনি নতুন ট্রান্সফরমার কিনতে পারছেন না। সরেজমিনে দেখা গেছে, সেচের অভাবে জমিতে ফাটল ধরেছে। গম, রসুন, পেঁয়াজ ও তরমুজের খেতে সেচ না দেওয়ায় গাছ শুকিয়ে মরে যাচ্ছে। বিএমডিএ বনপাড়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, টাকা জমা দিলেই নতুন ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মজিবুল হক বলেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে ট্রান্সফরমার চুরি রোধে তাঁদের সভা-সমাবেশ এবং সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।