গুরুদাসপুরে ৫০ বছরের পুরোনো দুটি গাছ কর্তন
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রায় ৫০ বছরের পুরোনো দুটি কৃষ্ণচূড়াগাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, কলেজের অধ্যক্ষ তারিখ-উল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার পরস্পর যোগসাজশে গাছ দুটি পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছেন। স্থানীয় মহসীন আলী তা কিনে গত বৃহস্পতিবার সকাল থেকে কাটা শুরু করেন। গতকাল শুক্রবার খোঁজ নিয়ে জানা গেছে, গাছ দুটি কাটা শেষ হয়েছে।স্থানীয় লোকজন জানান, গাছ দুটি স্কুল প্রতিষ্ঠার কয়েক বছর পরই লাগানো হয়েছিল। তারিখ-উল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনে গাছ কাটা হয়েছে। আনোয়ার হোসেন মাস্টার বলেন, গাছ দুটির বয়স অনেক হয়ে গিয়েছিল। যখন-তখন ডালপালা ভেঙে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। ওই স্থানে নতুন গাছ লাগানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন মইনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু করার নেই।’