গুরুদুয়ারা নানক শাহীতে প্রার্থনা করলেন গুরশরণ
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কাউর গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীতে প্রার্থনা করেছেন। এরপর গুরুদুয়ারা নানক শাহীর ব্যবস্থাপনা কমিটি তাঁকে আপ্যায়িত করে। বিকেল সোয়া পাঁচটায় গুরুদুয়ারা নানক শাহীতে প্রার্থনার উদ্দেশ্যে প্রবেশ করেন গুরশরণ। তাঁর আগমন উপলক্ষে গুরুদুয়ারাকে সাজানো হয়। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। সবুজ গালিচার ওপর দিয়ে গুরশরণ প্রবেশ করেন গুরুদুয়ারায়। বাংলাদেশ গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুরেশ কুমার (জি সিং) প্রথম আলোকে বলেন, শিখ ধর্মের নিয়ম অনুসারেই তিনি প্রার্থনা করতে আসেন। এর আগে ২০০৫ সালে সার্ক সম্মেলনের সময়ও তিনি এখানে এসেছিলেন। প্রার্থনা শেষে গুরশরণ গুরুদুয়ারার নবনির্মিত অফিসকক্ষ ও বিদেশি দর্শনার্থীদের জন্য অতিথিকক্ষের উদ্বোধন করেন। গুরশরণের প্রার্থনার সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনারের স্ত্রী, গুরুদুয়ারা নানক শাহী ব্যবস্থাপনা কমিটির সাতজন সদস্য, চারজন দাতা ও দুজন বাবাজি উপস্থিত ছিলেন।