গুলতেকিন ও বিপাশা ঢাকায় ফিরেছেন
জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ছোট মেয়ে বিপাশা আহমেদ ও তাঁর মা গুলতেকিন খান গতকাল বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেছেন।গতকাল রাতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সকালে গুলতেকিন খান ও বিপাশা ঢাকায় আসেন। বিমানবন্দরে তাঁদের আনতে গিয়েছিলেন অন্য দুই মেয়ে শিলা আহমেদ, নোভা আহমেদ ও তাঁদের স্বামী-সন্তানেরা। বিমানবন্দর থেকে তাঁরা বনানীর বাসায় ফিরেছেন। ১৯৭৩ সালে গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয়। ২০০৩ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৫ সালে মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। এদিকে হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ গত বুধবার রাতেই ছেলের আত্মার শান্তির জন্য আগারগাঁওয়ের একটি এতিমখানায় ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করেন। আপাতত তাঁদের পরিবারের তরফে আর কোনো কর্মসূচি নেই বলে আহসান হাবীব জানান।হুমায়ূন আহমেদ গত ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। ২৪ জুুলাই গাজীপুরের নুহাশপল্লীতে তাঁকে দাফন করা হয়।