গুলতেকিনের বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলতেকিন খান ছিলেন পর্দার আড়ালে। আর আড়ালে থেকেই তিনি পাতায় পাতায় ছন্দ সাজিয়েছেন। তাঁর লেখা কবিতাগুলো মলাটবন্দী হয়ে এসেছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। নাম ‘আজো, কেউ হাঁটে অবিরাম’; প্রকাশ করেছে তাম্রলিপি।

আজ শুক্রবার বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে কবি গুলতেকিন খান ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক আনিসুল হক, গুলতেকিন খানের দেবর ও কার্টুনিস্ট আহসান হাবীব, কবি তুষার দাশ এবং গুলতেকিনের বড় মেয়ে নোভা আহমেদ। সবাই তাঁকে ও তাঁর কবিতা নিয়ে প্রকাশ করেন আপন অভিজ্ঞতা। এ ছাড়া অনুষ্ঠানে তাঁর আরেক দেবর জনপ্রিয় শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল একটি লিখিত বক্তব্য পাঠান, যা পড়েন তাম্রলিপির প্রকাশক এ কে এম তরিকুল ইসলাম। দর্শকসারিতে উপস্থিত ছিলেন গুলতেকিনের মেজো মেয়ে শীলা আহমেদ, ছেলে নুহাশ হ‌ুমায়ূন আহমেদসহ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষকের জন্য সবচেয়ে আনন্দের উপলক্ষ হলো, যখন তাঁর ছাত্র বা ছাত্রী কোনো কিছু অর্জন করে এবং সেই অর্জনের মুহূর্তে উপস্থিত থাকতে পারাটাও তার চেয়ে বেশি আনন্দের। আজকে গুলতেকিনের বইয়ের ক্ষেত্রেও সেটা আমার ক্ষেত্রে হয়েছে। এ কারণে শত ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হয়েছি।’
বইটির সাহিত্যমান বিচার করতে গিয়ে তিনি বলেন, ‘সাহিত্যের মাপকাঠি দিয়েও দেখলাম, এই কবিতার বইটি নিয়ে কিছু বলার নাই। বইটি নিয়ে সমালোচনা করার মতো কিছুই নেই। বইটি শিল্পমান উন্নীত হয়েছে।’ লেখালেখিতে নিজের ছাত্রী গুলতেকিন যেন ‘মানটা ধরে রাখতে পারে এবং আরও উন্নতি ঘটাতে পারে’ সেই আশীর্বাদ করেন তিনি।
সবার বক্তব্য শুনে মাইকের সামনে এলেন গুলতেকিন। মিষ্টি হাসি দিয়ে বললেন, ‘আমি বক্তৃতা দিতে পারি না, এটা আমার দুর্বলতা। এক সময় গান গাইতে চেয়েছিলাম। গান শেষে বান্ধবীরা বলল, কবিতাটি আবৃত্তি ভালো হয়েছে। এরপর থেকেই গানের ইতি টেনেছি। আজ সবাই আমার এত প্রশংসা করেছে, কিন্তু এটা আমার প্রাপ্য কি না, আমি জানি না। আমি কবিতাগুলো নিজের মতো করে লিখেছি। এ কবিতাগুলোর কোনো একটি কিংবা কোনটির দুই/এক লাইন যদি আপনাদের কারও ভালো লাগে; সেটাই আমার সার্থকতা।’
তিনি বলেন, ‘আমি সব সময় দেখেছি জনপ্রিয় কথাসাহিত্যিকের বইয়ের সংস্করণ হয় পাঁচ হাজার। আর কবিতার বইয়ের হয় ৫০০। তা-ও নাকি বিক্রি হয় না। সুতরাং তাম্রলিপির প্রকাশককে ধন্যবাদ। বিক্রি হওয়ার সম্ভাবনা না থাকলেও সে সাহস করে আমার কবিতার বই ছাপিয়েছে।’
তিনি আরও বলেন, ’আমি লেখালেখি ধরে রাখতে চাই, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যেন সেটা ধরে রাখতে পারি। যেটা শুরু করেছি কবিতায়।’
ছয়টি অনুচ্ছেদে মোট ৩৫টি কবিতা বইটিতে স্থান পেয়েছে। তাম্রলিপি থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ১৩৫ টাকা। গুলতেকিন খান বইটি উৎসর্গ করেছেন তাঁর দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খাঁকে। উৎসর্গপত্রে তিনি লিখেছেন ‘প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খাঁকে’।