গুলশান অ্যাভিনিউর ফুটপাতে অবৈধ স্থাপনা

ফুটপাত দখল করে বসানো হয়েছে ব্যাংকের টাকা তোলার বুথ। কোথাও ফুটপাত চলে গেছে সড়কের পাশের বাড়ির সীমানার ভেতরে। কেউ নিজের মতো করে ফুটপাতের জায়গায় ব্যক্তিগত বাগান গড়ে তুলেছেন। গুলশান ১ থেকে গুলশান ২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের উন্নয়ন করতে গিয়ে এমন চিত্রই চোখে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের।
ফুটপাত দখলকারীদের অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিতে ২৪ ঘণ্টা থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে ডিএনসিসি। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, সড়কের পাশের বাড়ির মালিক, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ফুটপাতের জায়গা দখল করে রেখেছে। তাদের দখল ছেড়ে দিতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ে না সরলে ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে’ দেওয়া হবে বলে মেয়র জানান।
গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় ও দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় ওই এলাকার সড়ক, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসির একটি প্রকল্পের কাজ চলছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ‘গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
এই প্রকল্পের অধীনে ৫৬ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন করা হবে। গুলশান ১ থেকে ২ পর্যন্ত গুলশান অ্যাভিনিউর ফুটপাত সংস্কার ও প্রশস্ত করতে ডিএনসিসির সম্পত্তি বিভাগ মাপজোখ শুরু করেছে। মাপতে গিয়ে সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের চোখে অবৈধ দখল ধরা পড়ে।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটপাত প্রশস্ত করতে গিয়েই অসংগতি চোখে পড়ে। ভবনমালিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে ফেলেছে। সম্পত্তি বিভাগ ফুটপাতের জায়গা মেপে রং দিয়ে চিহ্নিত করে দিচ্ছে।