গুলশান ইয়ুথ ক্লাবের তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান
মাঠের মাঝখানে নাটাই হাতে আকাশ পানে ঘুড়ির দিকে তাকিয়ে সাদমান নুর। গুলশান ২ নম্বর আজাদ মসজিদের পাশের গলিতে থাকে দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী। তার ঠিক পাশেই ঘুড়ি ওড়াচ্ছিল শাহজাদপুর বস্তি থেকে আসা মো. ইমন। গতকাল বুধবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এভাবেই ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মেতে ছিল বাংলা বর্ষবিদায় অনুষ্ঠানে।
পুরোনো বাংলা বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে গুলশান ইয়ুথ ক্লাব তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে পিএন কম্পোজিট লিমিটেড। গতকাল বিকেলে অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মাঠে দল বেঁধে হাজির হয় গুলশানের শিশু-কিশোর ও বস্তির সুবিধাবঞ্চিত শিশুরা।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ এ কে এম রহমতউল্লাহ। ‘ওই নতুনের কেতন ওড়ে’ নামের ঘুড়ি উৎসব ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। তাতে গুলশান এলাকার শিশু-কিশোরদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল গুলশান ইয়ুথ ক্লাব পাঠশালার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। রঙের ঘুড়ি, নাটাই ভাগাভাগি করে ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠে শিশু-কিশোরেরা।
পাশাপাশি ঘুড়ি ওড়াতে থাকা সাদমান নুর ও মো. ইমন বলল, তাদের দুজনেরই খুব ভালো লাগছে। তারা আগেও ঘুড়ি উড়িয়েছে। সাদমান এসেছিল এক চাচার সঙ্গে আর ইমন এসেছে বস্তির শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে।
মাঠের এক পাশে শামিয়ানা টানানো ছোট ঘর থেকে গানের আওয়াজ ভেসে আসছে। ঘরে ঢুকতেই দেখা গেল, সাদা পর্দা টানানো। পর্দার মাঝে খানিক ফাঁকা। সামনে চেয়ার পেতে শিশুরা বসেছে। হঠাৎ সেই ফাঁকায় হাজির নব বর-বধূর সাজে দুই পুতুল। বাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচ দেখে তুমুল খুশি শিশুরা।
ক্যাঁচক্যাঁচ আওয়াজ তুলে নাগরদোলা ঘুরছিল মাঠের এক কোণে। তাতে চড়ার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের বিশাল সারি। কে কার আগে উঠবে তা নিয়ে হুড়োহুড়ি। ছিল এসব শিশু-কিশোরের জন্য খাবারের ব্যবস্থাও।
গুলশান ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী, সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় গুলশান ইয়ুথ ক্লাবের শিশুশিল্পী এবং গীতাঞ্জলির শিল্পীরা। আজ বর্ষবরণ উপলক্ষে থাকছে সংগীত, শোভাযাত্রা, জাদু প্রদর্শনী, নাগরদোলায় চড়ার ব্যবস্থা।