গুলশান এখনো থমথমে

রাজধানীর গুলশান এলাকার ৭৯ নম্বর সড়কে ঢোকার মুখেই টহল দিচ্ছে র্যাব ও পুলিশ। ব্যারিকেড দিয়ে ওই এলাকায় ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দারা তল্লাশি ছাড়া ভেতরে যেতে পারছেন না। বের হতেও পারছেন না।
লেকপাড়ের অভিজাত হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর অবস্থা এখন ঠিক কেমন তা জানা যায়নি। কারণ ওই পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই যেতে দিচ্ছে না। এলাকাজুড়ে থমথমে অবস্থা।
ভয় আর থমথমে অবস্থার মধ্যে ওই এলাকায় জড়ো হয়েছে উৎসুক মানুষ। এর মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন দেশি–বিদেশি গণমাধ্যমকর্মীরা। ঘটনাস্থলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। চীনা গণমাধ্যমকর্মী তাকাই নজোমু বলেন, গত পরশু রাতে রেস্তোরাঁয় জিম্মি ঘটনা শোনার পরেই তিনি চীন থেকে এসেছেন। সেখানকার টিভি চ্যানেল ইয়োনিউরিতে (yoniuri) প্রচারের জন্য সংবাদ সংগ্রহ করছেন।

গুলশানের ৭৯ নম্বর সড়কের আশপাশের দোকানপাট বন্ধ। ওই এলাকার এক বাসিন্দার গাড়িচালক মো. সুমন বলেন, জিম্মি ঘটনার পর থেকেই ওই এলাকায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে গাড়ি রাখতে হচ্ছে।
গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় তলোয়ার, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে একদল জঙ্গি হামলা চালায়। রেস্তোরাঁর ভেতরে থাকা সবাইকে জিম্মি করে জঙ্গিরা। পুলিশ, র্যাব ছুটে যায়। জঙ্গিদের বোমা হামলায় শুরুতেই নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এরপর রাতভর চলে রুদ্ধশ্বাস অপেক্ষা। অভিযানের প্রস্তুতি। সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। ছয় জঙ্গি নিহত হয়। রেস্তোরাঁ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর একে একে ২০ জিম্মির লাশ পাওয়া যায়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

সরকারি ভাষ্যমতে, রেস্তোরাঁয় জঙ্গিরা শুক্রবার রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে জাপান সরকার তাদের সাত নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইতালির নাগরিক নিহত হয়েছেন নয়জন। একজন ভারতীয় নাগরিক। শুক্রবার রাতে অভিযান চালাতে গিয়ে মারা গেছেন পুলিশের দুই কর্মকর্তা। আর গতকাল শনিবার সকালে অভিযানে মারা গেছে ছয় সন্ত্রাসী। গ্রেপ্তার হয়েছে একজন। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তল, পয়েন্ট ২২ রাইফেল, হাতে তৈরি গ্রেনেড (আইইডি), ওয়াকিটকি সেট ও ধারালো অনেক দেশীয় অস্ত্র। অপারেশন থান্ডারবোল্ট অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেউ হতাহত হননি।

শুক্রবার রাত দেড়টার দিকে আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এক টুইট বার্তায় জানায়, আইএস দাবি করেছে, তারা ঢাকার রেস্তোরাঁয় আক্রমণ করে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে রেখেছে। এরপর আমাক নিউজ ওই রেস্তোরাঁর ভেতর থেকে রক্তাক্ত আট-নয়জনের ছবিও প্রকাশ করে এবং আইএস দাবি করে, তাদের এই হামলায় ২৪ জন নিহত হয়েছে। আমাকের দেওয়া এসব ছবি গতকাল ভোর চারটার দিকে টুইটারে প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

আরও পড়ুন: