
রাজধানীর গুলশান ও আশপাশের এলাকায় কীভাবে পয়োবর্জ্য নিষ্কাশন করা হয়, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে গুলশান লেকে পয়োবর্জ্য ও পরিবেশ দূষণকারী অন্যান্য বর্জ্য নিষ্কাশনের ব্যাপারে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা আদালত জানতে চেয়েছেন। চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনটি করেন আইনজীবী সীমা হায়দার চৌধুরী ও ওমর ফারুক। আজ তাঁরাই আবেদনের ওপর শুনানি করেন। আবেদনে বলা হয়, গুলশান-বারিধারা ও গুলশান-মহাখালী লেকগুলোকে সরকার ও আদালত পরিবেশগতভাবে বিপন্ন এলাকা বলে ঘোষণা দিয়েছে। তবুও গুলশান ও বারিধারার পয়োবর্জ্যের একটি বড় অংশ এসব লেকে নিষ্কাশন করা হয়। এতে গুলশান লেক ধ্বংসের দ্বারপ্রান্তে।