গুলশান ও পুরান ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী আয়নাল হক (৪০) ও বাসের সহকারী রফিকুল ইসলাম (২০)। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে ফুলবাড়িয়া থেকে তাঁতীবাজারের দিকে যাচ্ছিলেন আয়নাল। তিনি সুরিটোলা স্কুলের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে আয়নালের সঙ্গে থাকা মহিউদ্দিন নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। এসআই বলেন, লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিকেলে গুলশান এলাকায় (নতুন বাজার পদচারী-সেতুর দক্ষিণে) দুই বাসের চাপায় পড়ে রফিকুল গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।