গুলশান টাওয়ারে আগুন

রাজধানীর গুলশান টাওয়ারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান ২ নম্বরের ওই টাওয়ার নামের ১২তলা ভবনটির নিচতলা থেকে সন্ধ্যা ছয়টার দিকে ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় ভবনের সিঁড়ি, ফাঁকা জায়গা, কক্ষগুলো। অগ্নিকাণ্ডের সময় ভবনে অবস্থিত অনেকগুলো প্রতিষ্ঠানের কার্যালয়ে কর্মীরা কাজ করছিলেন। আগুন লাগার পরে তাঁদের অনেকেই দৌড়ে নিচে নেমে আসেন। কিন্তু সিঁড়িতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অনেকে ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বেশ কয়েকজনকে বড় মই দিয়ে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নামিয়ে আনার সময় আতঙ্কে অনেককে কাঁদতে দেখা যায়। কিছুক্ষণ পর সিঁড়ির ধোঁয়া কিছুটা হালকা হলে বাকিরা নিরাপদে নেমে আসেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ছয়টা ৩ মিনিটে আগুনের খবর পান তাঁরা। এরপর ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। ওই ভবনের নিচতলায় ক্ল্যাসিক ফেব্রিকস অ্যান্ড লাইটিং নামের একটি দোকান থেকে ওই আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।
ক্ল্যাসিক ফেব্রিকসের মালিক মোমিনুল ইসলাম বলেন, দোকানের একটি বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। তাঁর দোকানে কার্পেট, পর্দার কাপড়, ঝাড়বাতি ইত্যাদি বিক্রি হয়। ঈদ উপলক্ষে দোকানে নতুন মাল তুলেছিলেন। এগুলোই খুব দ্রুত পুড়েছে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভবনটির বিভিন্ন তলায় ট্রান্সকম গ্রুপ, প্লানেট ট্রাভেলস, এএনডব্লিউ সিকিউরিটিজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাঁদের ধন্যবাদ জানান ট্রান্সকম গ্রুপের কর্মকর্তা ও কর্মীরা। একই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য তাঁরা পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন।