গুলশান পার্ক, বনানী মাঠ, টাউন হল পার্ক যাচ্ছে ডিএনসিসির হাতে
অন্য সংস্থার অধীনে থাকা গুলশান পার্ক, বনানী খেলার মাঠ ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটের পাশের পার্ক হস্তান্তর করার জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু এগুলো এখনো বুঝে পায়নি। গত ২৪ আগস্ট নগরীতে সেবাদানকারী ২৬টি সংস্থার প্রতিনিধিদের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুসারে ১৫ দিনের মধ্যে এসব পার্ক ও মাঠ ডিএনসিসির কাছে হস্তান্তরের কথা ছিল।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর বলেন, আইন অনুযায়ী নগরের পার্ক ও খেলার মাঠের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু অন্য সংস্থার অধীনে থাকা রাজধানীর কয়েকটি পার্ক ও মাঠ সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে একাধিকবার চিঠি ও তাগাদাপত্র দেওয়া হলেও সেগুলো বুঝিয়ে দেওয়া হয়নি।
গুলশান সেন্ট্রাল পার্কের কিছু অংশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে ইজারা নিয়ে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণ করা হয়েছিল। ২০১১ সালের শেষের দিকে রাজউকের মহাপরিকল্পনায় বাণিজ্যিক পার্কের বিষয়টি না থাকায় ওই ইজারা অবৈধ ঘোষণা করে ওয়ান্ডারল্যান্ডের বরাদ্দ বাতিল করে দেন উচ্চ আদালত। ২০১২ সালে পার্কটি দখলমুক্ত ঘোষণা দেয় রাজউক। এরপর প্রায় পাঁচ বছর জায়গাটি পরিত্যক্ত।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পার্কটি ডিএনসিসিকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পার্কটি বুঝে পেলে সেখানে আধুনিক পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের পাশের পার্কে গিয়ে দেখা যায়, পাশের বাজারের লোক, পথচারী, খেলতে ও আড্ডা দিতে আসা লোকজন মাঠের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোনায় প্রস্রাব করছেন। নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ।
গত ২৪ আগস্ট নগরীতে সেবাদানকারী ২৬টি সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ডিএনসিসির এক আন্তবিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক পার্কগুলো ডিএনসিসিকে হস্তান্তর করবে বলে সিদ্ধান্ত হয়।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা বলেন, ১৫ দিনের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া শেষ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত পার্কগুলো হস্তান্তরে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো ডিএনসিসি অবগত নয়।
রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমান বলেন, ‘গুলশান পার্ক ও বনানী খেলার মাঠ আমাদের তত্ত্বাবধানে আছে। এগুলো হস্তান্তরের ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে গণপূর্তমন্ত্রীরও নির্দেশনা আছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’
বর্তমান ডিএনসিসির অধীনে কাগজে-কলমে ২১টি পার্ক আছে। এর মধ্যে বেশির ভাগ পার্ক পড়ে আছে অযত্নে। পার্ক ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। পার্কে বসার জায়গা নেই, থাকলেও বেঞ্চ ভাঙা। নিজেদের তত্ত্বাবধানে থাকা বেহাল পার্ক ও মাঠগুলোর উন্নয়নে ৫৫ কোটি টাকার সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ডিএনসিসি। এবারের বাজেটে পার্ক ও মাঠগুলোর উন্নয়নে নিজস্ব তহবিল থেকেও ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। তারপরও পার্কগুলোর পরিবেশ উন্নত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় নতুন তিনটি পার্ক নিয়ে কী করবে ডিএনসিসি—সেই প্রশ্ন সবার।