গুলশান বনানী বারিধারা এলাকায় ৮০০ সিসি ক্যামেরা বসছে
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার নিরাপত্তার জন্য নতুন করে আরও ৮০০ ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, গুলশান-বনানী এলাকায় বর্তমানে ১০০টি সিসি ক্যামেরা আছে। তবে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকা সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য আরও ৮০০ সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন।
মেয়র বলেন, পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনভুক্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি এই ৮০০ সিসি ক্যামেরা কেনার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে উপস্থিত ব্যবসায়ী নেতাদের অনুরোধ জানান। এ সময় ব্যবসায়ী নেতারা সিসি ক্যামেরা কেনার প্রয়োজনীয় অর্থ প্রদানের আশ্বাস প্রদান করেন।
সাংসদ এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধি, গুলশান ইয়ুথ ক্লাব, ডিএনসিসি ও ডেসকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।