গুলশান-বনানীতে ঈদের বাজার জমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা ঈদের হলেও গুলশানের শপিং মলগুলো অনেকটা এমনই ফাঁকা। গতকাল গুলশান ১-এর পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
সময়টা ঈদের হলেও গুলশানের শপিং মলগুলো অনেকটা এমনই ফাঁকা। গতকাল গুলশান ১-এর পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

ঈদ আসতে খুব বেশি বাকি নেই। বাজারগুলোয় বিক্রেতাদের এখন দম ফেলার সময়টুকুও থাকার কথা না। কিন্তু গুলশান-বনানীর বিক্রেতারা বলছেন, এবার তাঁরা অলস সময় পার করছেন। 

গুলশান অ্যাভিনিউর পিংক সিটি শপিং কমপ্লেক্সে গতকাল কোনো ভিড় চোখে পড়েনি। বেশির ভাগ দোকানে এক-দুজন ক্রেতা। কোনোটি একদম খালি। শাড়ির পাড় সেলাই করছিলেন ‘তাঁতীঘর’-এর বিক্রেতা শামসুন্নাহার হক। ঈদের বিক্রি নিয়ে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, কাস্টমার নাই। আজকে ১৭ রোজা, কিন্তু কোনো বেচাকেনা নাই।’
এই কমপ্লেক্সের ‘স্টাইল ওয়ার্ল্ড’-এর ম্যানেজার মানিক বলেন, ভারতীয় ভিসা সহজ করে দেওয়াতে গুলশানের বাসিন্দাদের অনেকে ভারত থেকেই কেনাকাটা করছেন। গত বছর থেকেই ঈদের বাজারের ভিড় কমতে শুরু করেছে। কিন্তু এবার অবস্থা বেশি খারাপ। ভারতীয় ভিসা সহজ হয়ে যাওয়ায় ঈদের কেনাকাটা কমার কারণ বললেন ‘মি’ নামের একটি দোকানের মালিক সুলাইমান হোসেনও। তিনি বলেন, ‘শবে বরাতের পর থেকেই আমাদের ঈদ বাজার শুরু হয়। কিন্তু এবার কিছুই বিক্রি হয় নাই। আজকে সকাল থেকে একটা ড্রেসও বিক্রি করতে পারলাম না।’

কিছু দোকানে ক্রেতাদের কিছুটা আনাগোনা ছিল। ছবি: আবদুস সালাম
কিছু দোকানে ক্রেতাদের কিছুটা আনাগোনা ছিল। ছবি: আবদুস সালাম

ভারতীয় ভিসা ছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন মেলা হওয়াকে ক্রেতা না বাড়ার কারণ বলছেন অনেক দোকানি। নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত থেকে কাপড় এনে অনলাইন বা কোনো হোটেলে মেলা বসিয়ে এরা ব্যবসা করছে। কোনো লাইসেন্স লাগছে না, সরকারকেও টাকা দিতে হয় না। কেউ কেউ আবার যানজটকেও দায়ী করছেন। কষ্ট করে মানুষ এখন না এসে ঘরে বসেই কেনাকাটা করছে। পিংক সিটির পাশেই শেহজাদ প্যালেসের বিক্রেতারাও একই কথা বললেন—ক্রেতা নেই।
পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ক্রেতাদের আনাগোনা কিছুটা আছে। নিকেতন থেকে দুই ছেলেকে নিয়ে এসেছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘বাসার কাছে বলে এখানে চলে এলাম। জ্যাম ঠেলে দূরে যাওয়া অনেক কষ্টের। কিছুটা নিরিবিলি বলেও ভালো লাগছে।’ পিয়াশা খান একটু ঘুরে দেখতে এসেছেন। অনলাইন থেকে কিছু পোশাক কিনেছেন। দেখতে এসেছেন মার্কেটে কী কী পোশাক উঠেছে।
আড়ংয়ের চিত্র আবার একেবারেই ভিন্ন। গুলশান ও বনানীর দুটি আউটলেটেই ক্রেতা সমাগম প্রচুর। গুলশান আউটলেটের একজন বিক্রয়কর্মী বলেন, রোজার শুরু থেকেই তাঁদের ভিড় লেগে আছে।
বনানীতেও ক্রেতা সমাগম কম। ১১ নম্বর সড়কে ‘অঞ্জনস’-এর দেখা যায় দুজন ক্রেতা ঘুরে বের হয়ে গেলেন। বিক্রেতা মাহফুজা আক্তার বলেন, ‘এ অবস্থাই চলছে। ১৭ দিন হয়ে গেলেও এখনো ঈদ বাজার জমেনি।’ ‘দেশাল’-এও একই অবস্থা। তবে ‘নয়ের’, ‘প্রাইড’-এ গিয়ে ঈদের কিছুটা রেশ পাওয়া গেল। প্রাইডের একজন বিক্রেতা বলেন, এ এলাকায় এবার কেনাকাটা কম। ছুটির দিনে একটু ভিড় বাড়ে। তবে আবহাওয়ার কারণেও মানুষ কম আসছে বলে জানালেন।

গুলশানের আড়ংয়ে বরাবরের মতোই ভিড় ছিল। ছবি: আবদুস সালাম
গুলশানের আড়ংয়ে বরাবরের মতোই ভিড় ছিল। ছবি: আবদুস সালাম