গুলশান-বনানীর ১৬২ প্লট বরাদ্দ না দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ও বনানীর ১৬২টি পরিত্যক্ত প্লট কোনোভাবেই কাউকে বরাদ্দ না দিতে বা হস্তান্তর না করতে রাজউককে নির্দেশ দিয়েছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া নকশা-বহির্ভূতভাবে ভবন নির্মাণকারীদের অবৈধ সুবিধা দেওয়া রাজউকের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৫-০৮ অর্থবছরের হিসাব-সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের বার্ষিক অডিট প্রতিবেদন এবং ২০১০-১১ অর্থবছরে দেওয়া অডিট প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, মূল নথির অস্তিত্ব না রেখে গুলশানের কয়েকটি পরিত্যক্ত প্লট বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সরকারের ১০ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ১২৫ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া যথাযথ উত্তরাধিকার সনদ ও পরিত্যক্ত সম্পত্তির তালিকা হতে অবমুক্তি ছাড়াই নামজারি করায় সরকারের এক কোটি ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি গুলশানের প্লটগুলো অবমুক্তির জন্য কারা আবেদন করেছিল এবং কাদের নামে কবে বরাদ্দ দেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে কমিটিকে জানাতে বলা হয়েছে।

বৈঠকে সরকারি নিয়ম না মেনে নয়তলা ভবনের পরিবর্তে ১৮ তলা এবং ছয়তলার পরিবর্তে ১৬ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন করে ভবন নির্মাণকারীকে অবৈধ সুবিধা দেওয়া-সংক্রান্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করে। যে সব কর্মকর্তা-কর্মচারী এসব অনিয়মের সঙ্গে জড়িত ছিল, কমিটি তাঁদের চিহ্নিত করে ৩০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। একই সময়ের মধ্যে নকশা-বহির্ভূত ভবনের তালিকা কমিটির বৈঠকে উপস্থাপন করতে বলেছে।

বৈঠকে জানানো হয়, প্লট গ্রহীতার নিকট হতে নির্ধারিত হারের চেয়ে কম হারে শ্রেণী পরিবর্তনের ফি আদায়ের ফলে সরকারের ৪ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক এলাকার প্লটকে বাণিজ্যিকে রূপান্তর না করে বাস্তবে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ দেওয়ায় সরকারের ২ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অডিটে উল্লেখ করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতির টাকা আদায় করতে বলেছে।

কমিটির সভাপতি  মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুস শহীদ, আমান উল্লাহ, আ. ফ. ম. রুহুল হক, আফসারুল আমিন, রেবেকা মমিন, শামসুল হক, রুস্তম আলী ফরাজী ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।