গুলশান-মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ
পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের কারণে আজ সোমবার রাজধানীর গুলশান-১ লিংক রোড থেকে মহাখালীর নাবিস্কো মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কয়েক দফা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান লিংক রোডের পাশে অবস্থিত এই পোশাক কারখানায় প্রায় এক হাজার ২০০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটির শ্রমিকেরা বেশি কিছুদিন ধরেই বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। অন্যান্য দিনের মতো আজ সকালে কাজে গিয়ে শ্রমিকেরা জানতে পারেন, কারখানাটি বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। গুলশান-বাড্ডা লিংক রোড অবরোধ করে তাঁরা বিক্ষোভ শুরু করে করেন। পরে আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। এ সময় তাঁরা আশপাশের পোশাক কারখানায় ইট-পাটকেল ছোড়েন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
এর পর আবার রাস্তায় নেমে আসেন ওই শ্রমিকেরা। মহাখালীর নাবিস্কো মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তাঁরা। এতে গুলশান-১ লিংক রোড থেকে শুরু করে মহাখালীর নাবিস্কো পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের ওই এলাকা থেকে হটিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও কয়েক দফা রাবারের গুলি ছুড়েছে। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল কবির।