গুলশান লেকপাড়ে কাঁচাবাজার পানিতে ময়লা-আবর্জনা

মধ্য বাড্ডার বাড্ডা লিংক রোডের কাছে গুলশান লেকপাড় ভরে আছে আবর্জনায়। গড়ে তোলা হয়েছে অবৈধ কাঁচাবাজার ও গাড়ি রাখার স্ট্যান্ড।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, লেকের পানিতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে পানি দূষিত হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। মধ্য বাড্ডা গুদারাঘাট কাঁচাবাজারের এ পাশে লেক পাড়ের খোলা জায়গায় গড়ে উঠেছে অস্থায়ী বাজার। রয়েছে ১৫টির মতো দোকান। সন্ধ্যায় জমে ওঠে এসব দোকান। বাড়তে থাকে ভিড় ও কেনাবেচা।
অস্থায়ী দোকানিদের একজন হায়দার হোসেন বলেন, ‘অনেক বছর ধরে এই এলাকায় ব্যবসা করি। ফুটপাতেই দোকান বসাই। দোকান বসানোর কোনো অনুমতি নাই। ফাঁকা থাকে তাই দোকান দেই।’
লেকের অন্য পাশেও দেখা গেল একই অবস্থা। আরও চোখে পড়ল একটি অস্থায়ী গাড়ির রাখার স্ট্যান্ড। গতকাল দুপুরে সেখানে কয়েকটি বাস, ট্রাক ও লেগুনা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
লেকপাড়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পঙ্কজ দাশ বলেন, ‘এখানে কোনো দোকান থাকার কথা না, তয় আছে। পুলিশ মাঝেমধ্যে দোকান উচ্ছেদ করলেও ওরা আবার এসে বসে। আর বাস, ট্রাক, লেগুনাগুলো আশপাশের বাড়িওয়ালাদের। এগুলোও রাখার অনুমতি নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিতই হকার উচ্ছেদ করছি। যেহেতু হকার পুনর্বাসনের ক্ষেত্রে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি না, তাই যেসব স্থানে মানুষের চলাচল কম বা জনগণের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে না, সেসব স্থানে ওরা বসতে পারে। তারপরও যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এমনটা তো হওয়ার কথা নয়। উচ্ছেদ আমাদের চলমান কার্যক্রম। ঘটনা যদি সত্য হয়, তাহলে আমরা স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে কথা বলব। খোঁজ নিব। ঘটনার বিস্তারিত জানব। তারপর, লিখিত অভিযোগের মাধ্যমে সকল রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করব।’