গুলশান লেকপাড়ে রাস্তা ধসে ১৫ ফুট গভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকপাড়ে চওড়া একটি রাস্তার একাংশ ১৫ ফুট গভীরে ধসে পড়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকে গুলশান ২ নম্বর অ্যাভিনিউর ৫৫ নম্বর সড়কে ২৯ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পানি সেচের পর বর্জ্য তোলার ফলে লেকের ওই অংশের গভীরতা বেড়ে যায়। এ ছাড়া জোরদার ঘেরা না দেওয়াই এ দুর্ঘটনার কারণ বলে এলাকাবাসী ও দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন।

হুমকির মুখে থাকা বাড়িটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যখন্দকার মোশাররফ হোসেন। তাঁর ছেলে মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সোয়া ছয়টার দিকে বিকট শব্দে রাস্তাটি ধসে পড়ে। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মারুফ হোসেন তাঁদের বাড়ি নিয়েও শঙ্কার কথা জানান। লেক উন্নয়নকাজ আবার শুরুর আগে রাস্তাটি সম্পূর্ণ নিরাপদ করার আবেদনও জানান তিনি।

কেন ধসে পড়ল: গতকাল লেকপাড় ঘুরে দেখা যায়, লেকের অন্যান্য অংশেও পানি অনেক কম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প’-এর কাজের অংশ হিসেবে ৫৫ নম্বর সড়ক-সংলগ্ন লেকের পানি সেচ করা হয়েছে। বিশেষ করে লেকের বর্জ্য অপসারণের জন্য সেখানে পানি সেচ করা হয়। সড়কের শুরুর অংশ থেকে অপর পাড়ে বনানী প্রান্ত পর্যন্ত মাস দু-এক আগেবালুর বাঁধও দেওয়া হয়। পানি সেচ করে এবং লেকের বর্জ্য তুলে বাঁধের অপর পাড়ে ফেলা হয়। এতে ওই অংশটি সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়ে, বেড়ে যায় লেকের গভীরতা।

এলাকাবাসী জানান, ধসে পড়া রাস্তার কাছে লেকে সপ্তাহ তিনেক আগে মাটি খুঁড়েবড় আকারের কিছু পাইপ বসানো হয়। সপ্তাহ খানেক আগে রাস্তায় কিছু ফাটল দেখা যায়। ২৯ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক জানান, ওই সময় রাজউকের লোকদের বিষয়টি জানালে তাঁরা গুরুত্ব দেননি। তিনি বলেন, পাঁচ দিন আগে লেকের পাড়ে গাছের চিকন কিছু বল্লিগেড়ে দেওয়া হয়।

রাজউকের লেক প্রকল্পের পরিচালক মনোয়ারুল ইসলাম প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, লেক উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই পানি সেচ করতে হয়েছে। উপযুক্ত ঘেরা দেওয়া হয়েছে। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা উচিত। তিনি বলেন, প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মধ্যে বর্জ্য অপসারণ কাজের জন্য খরচ করা হচ্ছে ছয় কোটি টাকা।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা উত্তরসিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল সার্কেল) মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, মূলত পানিশূন্যতার কারণেই রাস্তা ধসে পড়েছে। উপযুক্ত ব্যবস্থা না নিলে লেকপাড়ের অন্য রাস্তাও ধসে পড়তে পারে।

ডিএনসিসির মেয়র এলাকায়: সকালে দুর্ঘটনার পর খবর পেয়ে রাজউকের প্রকল্পের পরিচালক ও প্রকৌশলীরা গিয়ে লেকপাড়ে মাটি ও বালু ফেলার ব্যবস্থা করেন। পরে গুলশান থানা-পুলিশ ও র‌্যাবও ঘটনাস্থলে যায়। তবে নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় দেখা যায় বিকেল পৌনে চারটার দিকে ডিএনসিসির মেয়র আনিসুল হক ঘটনাস্থলে যাওয়ার পর। প্রথম আলোকে মেয়র বলেন, গত বুধবার তিনি রাজউকের একজন সদস্যকে নিয়ে এখানে এসেছিলেন। ওই সময়ই তিনি লক্ষ করেছেন, রাস্তার নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাজউকের ওই সদস্যকে তিনি বলেছিলেন, লেকপাড়ের ‘প্রোটেকশন’ আরও বাড়ানো দরকার।

গতকাল ঘটনাস্থল থেকে মেয়র রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়ার মুঠোফোনে ফোন করেন। তিনি বুধবারের পরিদর্শনের সময়কার আশঙ্কার কথা তুলে ধরে বলেন, বিষয়টি লক্ষ করা উচিত ছিল। এখন যত দ্রুত সম্ভব লেকে পানি দেওয়া এবং ধসে পড়া রাস্তা ভরাট করা দরকার।

মেয়র রাজউকের চেয়ারম্যানকে আরও বলেন, সবচেয়ে বড় কথা, রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না।

রাজউকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরে লেক প্রকল্পের পরিচালক মনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ (গতকাল) রাতের মধ্যেই ধসে পড়া অংশ ভরাট করে ফেলা হবে। তিন দিনের মধ্যে এই রাস্তায় যানবাহন চলাচল করতে পারবে।