গুলশান লেকপাড়ের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল বৃহস্পতিবার আবারও গুলশান লেক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে। এ সময় গুলশান-১ নম্বর এভিনিউ-সংলগ্ন শ্যুটিং ফেডারেশনের পেছনে রিকশার গ্যারেজ, দোকানঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভাঙা হয়। তবে গতকালও পাকা বা বহুতল কোনো স্থাপনা ভাঙা হয়নি।রাজউকের এ অভিযান শুরু হয় গতকাল বেলা ১১টায়। একটি বুলডোজারের সাহায্যে ৬০ জনের মতো শ্রমিক নিয়ে রাজউক এ অভিযান চালায়। এ সময় দুই প্লাটুন পুলিশ মোতায়েন ছিলেন।রাজউক জানিয়েছে, অভিযানে লেক ভরাট করে তৈরি করা বাঁশ ও টিনশেড ঘর এবং দোকান ভাঙা হয়। লেকপাড়েকয়েকটি রিকশার গ্যারেজ অনেক দিন থেকেই ছিল। অভিযান শুরু হলে গ্যারেজের মালিকেরা সরে পড়েন। পরে গ্যারেজের লোকজন নিজেদের উদ্যোগে গ্যারেজ সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলে অভিযানকারী দল তাতে রাজি হয়নি। পরে রাজউকের বুলডোজার লেকপাড়ের কয়েকটি স্থাপনায় আঘাত করে এবং শ্রমিকেরা হাতুড়ি ও শাবল দিয়ে আধাপাকা স্থাপনা ভাঙে। অভিযান চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত।রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় লেক উন্নয়ন প্রকল্প পরিচালক জাহিদ হোসেনসহ রাজউকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রোকন-উদ-দৌলা জানান, পর্যায়ক্রমে লেকপাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।মানারাত স্কুলের পাশে শাহাজাদপুর এলাকায় গত সপ্তাহে ভেঙে দেওয়া রিগজ ফিশারিজের কার্যালয়টি আবার নির্মাণের জন্য লেকের মধ্যে বাঁশের খুঁটি ও কাঠের পাটাতন বসানো হয়েছিল। গতকাল রাজউক কর্মকর্তারা এগুলো ভেঙে দেন।