গুলশান লেকে আটটি সেতু তৈরির পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকের দুই পাড়ে বসবাসরত ব্যক্তিদের যাতায়াতের সুবিধার জন্য লেকের ওপরে সাত থেকে আটটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল বৃহস্পতিবার হাতিরঝিল প্রকল্পের গুলশান-বাড্ডা লিংক রোডে হাতিরঝিল-গুলশান লেকের সংযোগস্থলে নির্মিত সেতু উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সেতুগুলো নির্মিত হলে মানুষ সহজেই লেকের এ পাড় থেকে ও পাড়ে যাতায়াত করতে পারবে।
কনকর্ড পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল-গুলশান লেকের সংযোগস্থলে ৯৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে খরচ হয়েছে সাত কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেতুটি নির্মাণের ফলে মেরুল বাড্ডার সঙ্গে হাতিরঝিলের সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি গুলশান লেকের ওয়াকওয়ের সঙ্গেও সংযোগ স্থাপিত হলো। এর ফলে বাড্ডা ও গুলশান এলাকার যানজট অনেকখানি কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, রাজধানীকে স্বস্তিদায়ক করে তুলতে সিটি করপোরেশন চেষ্টা চালিয়ে যাচ্ছে।