গুলশান লেকে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর গুলশান লেকে ডুবে গতকাল শনিবার দুপুরে মো. সিহাব (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে বনানী বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিহাব পরিবারের সঙ্গে কড়াইল টিঅ্যান্ডটি কলোনিতে থাকত। তার বাবা আবু ইউসুফ একজন প্রকৌশলী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে সে গুলশান লেকে ঘুরতে যায়। একপর্যায়ে তারা একটি নৌকায় চড়ে লেকে ঘুরতে থাকে। লেকের মাঝখানে গেলে নৌকাটি পানিতে ডুবে যায়। এতে পাঁচজনই পানির নিচে তলিয়ে যেতে থাকে। এ সময় লেকের পাড়ে থাকা কয়েকজন টোকাই পানিতে নেমে চারজনকে উদ্ধার করতে পারলেও সিহাব তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘণ্টা খানেক অভিযান চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে। পরে সিহাবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে আগেই। ওসি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।