গুলশান লেকে নৌ পারাপারের অনুমতি দেওয়ার অনুরোধ নগরবিদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়াইল বস্তির বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনা করে গুলশান-বনানী লেকে নৌ-চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট নগরবিদেরা। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গুলশান-বনানী লেকে নৌ-পারাপারের অনুমতি দেওয়ার কথা বিবেচনার আশ্বাস দিয়েছেন।
গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে ‘নগর-পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নগরবিদেরা এই অনুরোধ জানান। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এবং বিএসআরএমের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে প্রথম আলো।
প্রায় দুই মাস ধরে গুলশান-বনানী লেকে নৌ-চলাচল বন্ধ আছে। গুলশান-বনানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে গুলশান-বনানী সোসাইটি, সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়।
গুলশান-বনানী লেক তিন দিক থেকে ঘিরে আছে কড়াইল বস্তিকে। এখানে প্রায় ৩০ হাজার পরিবারের বাস। বস্তি থেকে বের হয়ে মহাখালীর মূল সড়কে ওঠার জন্য এত দিন এখানকার অধিবাসীদের প্রধান বাহন ছিল নৌকা। নৌ-চলাচল বন্ধ করে দেওয়ায় কড়াইল বস্তির শিশুদের স্কুলে যাওয়া অনিয়মিত হয়ে পড়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩০০ মাঝি। অধিবাসীরাও যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে। ঝুঁকি নিয়ে শোলার ভেলায় পার হচ্ছে অনেকে।
গতকালের গোলটেবিল বৈঠকে নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কড়াইল বস্তিতে বহু লোকের বসবাস। কয়েক শ নৌকা দিয়ে বস্তির লোকজন চলাচল করত। নিরাপত্তার হুমকি বলে তা বন্ধ করা হয়েছে। লোকজন আগে দুই মিনিটে পাঁচ টাকায় যাতায়াত করত, এখন ২৫ মিনিট ঘুরে ৫০ টাকা খরচ করতে হচ্ছে। তারাও তো দেশের নাগরিক।
মেয়র আনিসুল হক বলেন, পুলিশ গুলশান-বনানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে নৌ-পারাপার বন্ধ করে দিয়েছে। বস্তির বাসিন্দাদের চলাচলে সমস্যা হচ্ছে। গুলশান-বনানী লেকে আবার নৌ-পারাপারের অনুমতি দেওয়া যায় কি না, সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নৌ-পারাপার বন্ধের পর কড়াইল বস্তি থেকে মূল সড়কে উঠতে সময় লাগে আধা ঘণ্টার বেশি। রিকশাভাড়া ৪০ থেকে ৫০ টাকা। আগে স্কুলের শিক্ষার্থীরা বিনা খরচে নৌকা পার হতো। নিম্নবিত্ত পরিবারের এসব শিক্ষার্থী এখন দীর্ঘ সময় পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করছে। অপেক্ষাকৃত ছোটদের স্কুলও তাই কামাই হচ্ছে নিয়মিত।