গুলশান লেকে সালোয়ার পরা যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান লেক থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের আংশিক গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের পরনে ছিল মেয়েদের সালোয়ার– কামিজ।
এ ছাড়া মিরপুর থেকে মো. সোহেল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে একটি নির্মাণাধীন ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, গতকাল রোববার সকালে গুলশান লেকের বনানী অংশে হলুদ সালোয়ার ও নীল-হলুদ ছাপা কামিজ পরা একটি লাশ ভাসতে দেখা যায়। পোশাকের সঙ্গে শারীরিক গঠনের মিল না থাকায় প্রথমে পুলিশের ধারণা হয়েছিল এটি তৃতীয় লিঙ্গের (হিজড়া) কারও লাশ। তবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়ার পর মরদেহটি পুরুষ হিসেবে শনাক্ত হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ তাঁর খোঁজে আসেননি।
মিরপুরে তরুণ খুন: রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে গতকাল ভোরে মো. সোহেল নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সি-ব্লকে নির্মাণাধীন সিটি করপোরেশন মার্কেটের সামনে একতলা একটি ভবনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।