গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকের সীমানা নির্ধারণ করে সেখানকার অবৈধ স্থাপনা দুই মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ মার্চের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৪ জুলাই উচ্চ আদালত গুলশান লেককে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে বলেছিলেন। এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও ২৮ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ১৭ জানুয়ারি ‘বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক, বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে আদালত এর ব্যাখ্যা জানাতে রাজউকের চেয়ারম্যান ও রাষ্ট্রীয় টেলিযোগাযোগ-প্রতিষ্ঠান বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে হাজির হতে বলেন।ধার্য তারিখে গতকাল ওই দুই কর্মকর্তা আদালতে হাজির হন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ ছাড়া এর আগে রিট আবেদনকারী গুলশান সোসাইটির পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও এ বি এম সিদ্দিকুর রহমান খান। আদালতে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, বস্তিসহ অবৈধ স্থাপনা যেখানে রয়েছে তা বিটিসিএলের আওতায়। বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম জানান, তাঁদের ১৭০ একর জায়গার মধ্যে আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তে ৯০ একর জায়গা গণপূর্ত বিভাগকে দেওয়া হয়েছে। ঝিল ও করাইল বস্তির আংশিক ওই এলাকায় পড়েছে। এরপর আদালত আদেশ দেন। আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, পরিবেশ, স্থানীয় সরকার, গণপূর্ত ও ভূমিসচিব, ঢাকার জেলা প্রশাসক, ওয়াসা ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদে সহায়তা করতে বলা হয়েছে।রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, গুলশান সোসাইটির আবেদনের পর হাইকোর্ট লেকের সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কয়েক দফা নির্দেশনা দেন। সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল বিচারাধীন রয়েছে। এটা আদালতের নজরে আনা হয়। রিট দুটি একসঙ্গে পরবর্তী আদেশের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে তালিকায় আসবে।