গুলশান লেকের দূষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
গুলশান, বনানী, বারিধারা ও ডিওএইচএস এলাকাগুলোকে পয়োনিষ্কাশনের আওতায় আনার ব্যবস্থা নিতে রাজউকের প্রতি আহ্বান জানিয়েছে গুলশান সোসাইটি। তাদের দাবি, এই এলাকাগুলো পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গুলশান লেকের দূষণ কমছে না।
আজ শনিবার সকালে গুলশান লেক পার্কের এম্ফি থিয়েটারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এ টি এম শামসুল হুদা বলেন, গুলশান, বনানী, বারিধারা ও ডিওএইচএসে পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গুলশান লেক দূষিত হচ্ছে। সম্প্রতি রাজউক গুলশান লেকে ১ হাজার ৬০০ কোটি টাকার কাজ হচ্ছে। কিন্তু সেই কাজের মধ্যে দূষণমুক্ত করার কোনো উদ্যোগ নেই। তা ছাড়া লেকে কচুরিপানা জন্মানোর কারণে এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। কচুরিপানা যেন জন্মাতে না পারে সে জন্য রাজউক ও ওয়াসাকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাড্ডা-বারিধারা লিংক রোডের ২০০ গজ জায়গা দখল করা হয়েছে। দখলকারীরা মামলাও করেছেন। ফলে তা উদ্ধার করা যাচ্ছে না বলে সরকারের সংশ্লিষ্টরা বলছেন। কিন্তু এই জায়গাটুকু উদ্ধার করা হলে অন্তত সড়কের ২৫ ভাগ যানজট দূর হতো।
সংবাদ সম্মেলনে গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত, যুগ্ম সম্পাদক রোকেয়া কাদের, সালমা হোসেন, সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, আবদুল মুয়ীদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।