
গুলশান-বারিধারা লেকের দূষণ রোধে ৫০ কোটি টাকা খরচ করে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা ওয়াসা। প্রকল্পটি সফল না হওয়ায় গুলশান-বারিধারা লেক সরাসরি পয়োবর্জ্য এবং মানুষের তৈরি অন্যান্য বর্জ্যের মাধ্যমে এখনো দূষিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
স্থানীয় সরকার বিভাগের নথিতে দেখা যায়, গুলশান-বারিধারা লেক দূষণ রোধে ঢাকা ওয়াসা ‘পলুশন কন্ট্রোল মেজারস অব গুলশান-বারিধারা লেক বাই ডাইভার্টিং দ্য ড্রেনেজ আউটলেটস’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল ছিল ২০১০ থেকে ২০১৩ সাল।
গত বছরের ৩ এপ্রিল অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ প্রকল্প নিয়ে আলোচনা হয়। সভায় ঢাকা ওয়াসার গৃহীত প্রকল্পটি সফল হয়েছিল কি না, সফল না হয়ে থাকলে কী কারণে পুনরায় দূষণ হচ্ছে এবং এর জন্য দায়ী কারা, তা চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তাতে ঢাকা ওয়াসার প্রতিনিধি ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান। কমিটি গুলশান-বারিধারা লেক সরেজমিন পরিদর্শন করে গত বছরের আগস্ট মাসে সংসদীয় কমিটিতে প্রতিবেদনটি জমা দেয়। তবে তদন্ত কমিটির সুপারিশের সঙ্গে একমত পোষণ করেননি ওয়াসার প্রতিনিধি।
প্রতিবেদনে বলা হয়, গুলশান-বারিধারা লেকের দূষণ রোধে ওয়াসার প্রকল্পটি বাস্তবায়নের পর তা সফল হয়নি। এখনো গুলশান-বারিধারা লেক সরাসরি পয়োবর্জ্য এবং মানুষের তৈরি অন্যান্য বর্জ্যে দূষিত হচ্ছে। লেকের পানির দূষণের মাত্রা গ্রহণযোগ্য সীমার অনেক বেশি।
পরিদর্শনের সময় তদন্ত কমিটি দেখতে পায়, আগে যেসব নির্গমন মুখের মাধ্যমে বর্জ্য গুলশান-বারিধারা লেকে ফেলা হতো, সেগুলোর শুধু দিক পরিবর্তন করে উত্তর থেকে দক্ষিণে গুলশান-বারিধারা লেকের পশ্চিমে অবস্থিত বনানী লেকে ফেলা হয়েছে। বনানী লেকটি হাতিরঝিলের মাধ্যমে দক্ষিণ-পূর্বে গুলশান-বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত। ফলে বনানী লেকে যে বর্জ্য ফেলা হচ্ছে, তা পুনরায় গুলশান লেকেই এসে পড়ছে। এ ছাড়া লেকের সবচেয়ে উত্তরে বারিধারা অংশে দুটি নির্গমন মুখের মাধ্যমে প্রচুর বর্জ্য গুলশান-বারিধারা লেকে পড়ছে।
গত বুধবার গুলশান-বারিধারা লেক এলাকায় সরেজমিনে দেখা যায়, পাড়ে গড়ে ওঠা দোকানপাট ও ঘরবাড়ি থেকে ময়লা-আবর্জনা লেকে ফেলা হচ্ছে। কড়াইল বস্তি এলাকায় কয়েক হাজার পরিবারের বাস। কড়াইল বস্তির পয়োবর্জ্যের সংযোগ গুলশানে লেকের সঙ্গে যুক্ত হওয়ায় লেকের দূষণ বাড়ছেই। গুলশান ১ নম্বর অংশে লেকের পানিতে কঠিন বর্জ্য ভাসতে দেখা যায়।
তদন্ত কমিটি সংসদীয় কমিটিকে জমা দেওয়া প্রতিবেদনে বলেছে, গুলশান-বারিধারা লেকের দূষণ রোধ করতে ঢাকা ওয়াসার প্রকল্পটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। লেকে এখনো অনেক পয়োবর্জ্য নির্গমন মুখ থাকলেও সেগুলো অপসারণ বা বন্ধ করতে ঢাকা ওয়াসা কোনো পদক্ষেপ নেয়নি। দূষণ বন্ধ করার বিষয়ে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা বা সামগ্রিক কর্মসূচি না থাকায় লেকের দূষণ রোধে ঢাকা ওয়াসার প্রকল্পটি কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে পারেনি।
এ বিষয়ে ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী এবং বর্তমানে ওয়াসার পরামর্শক এ কে এম শহীদউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রকল্পটি অনেক আগে শেষ হয়ে গেছে। প্রকল্পটি সফল নয়, এটি বলা যাবে না। তরকারির বর্জ্য ও পশু জবাইয়ের বর্জ্য লেকে ফেলা এবং লেকের সঙ্গে রাজউক ড্রেনের সংযোগ দেওয়ায় প্রকল্প শেষ হওয়ার পরও লেকে দূষণ হচ্ছে।
গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত সংসদীয় কমিটির ১৬তম বৈঠকে ওয়াসার এই প্রকল্প সফল না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
জানতে চাইলে গুলশান লেক দূষণ প্রকল্পের পরিচালক ও ওয়াসার প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রকল্পের কাজ ২০১৪ সালে শেষ হয়েছে। এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, জবাবদিহি না থাকায় বারবার সরকারি টাকা গচ্চা দেওয়ার পরও তাঁরা পার পেয়ে যান। যদি সব নালা বন্ধ না হবে, তাহলে এই প্রকল্প কেন নেওয়া হলো। এই অপচয় যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।