গুলশান শপিং সেন্টার রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান–১ নম্বরে গুলশান শপিং সেন্টার রক্ষার দাবিতে গতকাল সকালে মানববন্ধন করেন দোকানমালিকেরা l প্রথম আলো
গুলশান–১ নম্বরে গুলশান শপিং সেন্টার রক্ষার দাবিতে গতকাল সকালে মানববন্ধন করেন দোকানমালিকেরা l প্রথম আলো

দীর্ঘদিন ধরে বিরোধ চলছে গুলশান শপিং সেন্টার দোকান মালিক সমিতি ও ভূমিমালিকের মধ্যে। ভূমিমালিক চাইছেন শপিং সেন্টারটি ভেঙে বহুতল আধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণ করতে। আর দোকান মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে ভূমিমালিকের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে।
গুলশান শপিং সেন্টার রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার গুলশান ১ নম্বর গোলচত্বর-সংলগ্ন মার্কেটের সামনে মানববন্ধন করা হয়।। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, মার্কেটের মালিক অনৈতিকভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করার চেষ্টা করছেন।
গুলশান শপিং সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শফরুল ইসলাম বলেন, ‘ভূমির মালিক ফয়জুর রহমান দোকানের পজেশনগুলো ৯৯ বছরের জন্য আমাদের কাছে বিক্রি করেন এবং সেগুলো আমাদের সম্পত্তি, যার দলিল আমাদের কাছে আছে। মালিকপক্ষ দোকানমালিকদের ভাড়াটে হিসেবে আখ্যায়িত করে উচ্ছেদ করতে চাইছে।’
শফরুল ইসলাম বলেন, ‘ভূমিমালিক বিভিন্ন দোকানের পজেশন বিভিন্ন হারে বিক্রয় করেছিলেন, যা আবার বিভিন্ন সময়ে পজেশন-মালিকেরা পুনঃ বিক্রয় সম্পন্ন করেছেন। সময়ের ব্যবধানে কোটি কোটি টাকায় পজেশন পুনরায় বিক্রয়ের ঘটনাও ঘটেছে। পজেশন-ক্রেতাদের না জানিয়ে ভূমিমালিক শান্তা প্রপার্টিজ নামের একটি প্রতিষ্ঠানকে আমমোক্তার নিয়োগ করে তাদের মাধ্যমে শপিং সেন্টারটি ভেঙে ফেলে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে চাইছেন।’

এরই মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে আসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত গুলশান শপিং সেন্টারের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন। এরপর ভবনমালিক ফয়জুর রহমান বিদ্যুৎ-সংযোগ যাতে না দেওয়া হয়, সে বিষয়ে হাইকোর্টে আবেদন করেন। এখনো শপিং সেন্টারটির বিদ্যুৎ-সংযোগ বন্ধ আছে।

দোকান মালিক সমিতির নেতারা বলেন, প্রতি তলা প্রায় ৪০ হাজার বর্গফুটের ছয় তলার এই ভবনটি ১৯৯৯ সালে রাজউকের অনুমোদিত সংশোধিত প্ল্যানে নির্মাণ করা হয়েছে। ১৭-১৮ বছর আগে নির্মিত এই ভবন কোনো প্রকারেই ঝুঁকিপূর্ণ নয়। তারপরও ভূমিমালিক ৯৯ বছরের লিজ চুক্তি অমান্য করে ঝুঁকিপূর্ণের অজুহাতে ভেঙে ফেলতে চাইছেন।

উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এ নিয়ে বেশ কিছু মামলাও চলছে। গুলশান শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যসচিব মো. হাম্মাদুর রহমান বলেন, ‘২০০৭ সালের হাইকোর্টের একটি রায়ে দোকানমালিকদের স্বার্থ ও স্বত্ব সংরক্ষণ করে উন্নয়ন করার জন্য জমিদার পক্ষকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত ভূমিমালিক দোকান মালিকদের সঙ্গে কোনো বৈঠকে বসেন নাই।’

বর্তমানে ভবনটিতে পোশাক কারখানা, বিমা, বৈদেশিক লেনদেনের অফিসসহ ৪০টির বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ৭০০টি দোকান আছে, যেখানে দোকানমালিক, ব্যবসায়ী, দোকানের কর্মচারী এবং এর সঙ্গে সম্পৃক্ত অন্য লোকজনসহ প্রায় আট-দশ হাজার লোক কর্মরত। ব্যবসায়ীরা বলেন, পজেশন কেনা ও দোকান করায় তাঁদের ব্যাংক ঋণ নিতে হয়েছে। তাই মার্কেটটি ভেঙে ফেলা হলে তাঁরা চরম ক্ষতিগ্রস্ত হবেন।

এ বিষয়ে কথা বলতে ভূমিমালিক ফয়জুর রহমানের ব্যবস্থাপক শংকর দত্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘মালিক ফয়জুর রহমানের সঙ্গে আমার যোগাযোগ নেই। মামলা-মোকদ্দমার বিষয়ে ফয়জুর রহমান এখন খোঁজ রাখেন না।’