গুলশান শপিং সেন্টারে বিদ্যুৎ নেই ২০ দিন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নকশা না মেনে নির্মিত গুলশান শপিং সেন্টারে ২০ দিন ধরে বিদ্যুৎ-সংযোগ নেই। গত ২৯ ফেব্রুয়ারি রাজউকের ভ্রাম্যমাণ আদালত ভবনের সংযোগ বন্ধ করে দেন।
ভবনটি নিয়ে এর মালিক ও দোকানমালিকদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। মালিক ভবনটি ভাঙতে চাইলেও দোকানমালিকেরা ভবনটি ছাড়তে চাচ্ছেন না। দোকানমালিকেরা অভিযোগ করেছেন, ভবনমালিক বিদ্যুৎ-সংযোগ চালুর চেষ্টা করছেন না, বরং তাঁদের ওপর চাপ সৃষ্টি করতে পুনরায় বিদ্যুৎ-সংযোগ না দিতে হাইকোর্টে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আদালত চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন।
রাজউক সূত্রে জানা যায়, গুলশান ১ নম্বর গোলচত্বরে অবস্থিত ওই বিপণিবিতানটি রাজউক চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় অন্যতম। রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটির অনুমতি ছিল তিনতলা পর্যন্ত। অথচ নির্মাণ করা হয়েছে ছয়তলা পর্যন্ত। বর্তমানে এই ছয়তলা ভবনে প্রায় ৭০০ দোকান ও পোশাক কারখানা আছে।
ভবনের বেসমেন্ট বা ভূতলে গাড়ি রাখার জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে অভিযান শুরু করে রাজউক। অভিযানের দ্বিতীয় দফায় গত ২৯ ফেব্রুয়ারি গুলশান শপিং সেন্টারের নিচতলার ৫০টির বেশি দোকান উচ্ছেদ করে রাজউক। অবৈধভাবে নির্মিত নিচতলার এসব দোকানের কারণে মূল সড়কের পাশে বৃত্তাকার ফুটপাত দখল হয়েছিল।
উচ্ছেদ করা দোকানগুলোয় বিদ্যুতের অবৈধ সংযোগও ছিল। উচ্ছেদের আগে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ গুলশান শপিং সেন্টারের বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেন। উচ্ছেদে অনেক অবৈধ সংযোগ কাটা হয়। আবদুল হামিদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ফুটপাতের দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ ছিল। তাই উচ্ছেদের আগে ভবনটির সংযোগ বন্ধ করা হয়। পরে ভবনমালিক ফয়জুর রহমান বিদ্যুৎ-সংযোগ যাতে না দেওয়া হয়, সে বিষয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত চার সপ্তাহের নিষেধাজ্ঞা দেন।
গত ২৯ ফেব্রুয়ারি গুলশান ১ নম্বর গোলচত্বর এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামান। তিনি গতকাল বলেন, শপিং সেন্টারটির নকশা ত্রুটিপূর্ণ। এ কারণে ভবনমালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
ভবনটিতে ৭০০ দোকান আছে। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ভবনমালিক এসব দোকান স্থায়ীভাবে বিক্রি করেছিলেন। বর্তমানে তিনি ভবনটি ভেঙে ফেলতে চাইছেন। সে ক্ষেত্রে দোকানমালিকদের কী হবে, তা স্পষ্ট নয়। এদিকে বিদ্যুৎ-সংযোগ না থাকায় ব্যবসায়িকভাবে দোকানমালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, গত ২৯ তারিখ ভ্রাম্যমাণ আদালত এসে সাময়িকভাবে মার্কেটের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করেন। তারপর থেকে বিদ্যুৎ-সংযোগ নেই।
ভবনটির মালিক বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখতে ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) কাছে আবেদন করেন। সংযোগ যাতে পুনরায় না দেওয়া হয়, সে বিষয়ে ভবনমালিক হাইকোর্টেও আবেদন করেন। এসব বিষয়ে কথা বলার জন্য ভবনমালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।