গুলশান শপিং সেন্টারে বিদ্যুৎ-সংযোগ দিতে নির্দেশ
প্রায় ১০ মাস ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকা গুলশান শপিং সেন্টারে সংযোগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বর্তমান ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করে সেখানে বর্তমান দোকান মালিকদের দোকানের জায়গা দিতেও ভূমি মালিককে নির্দেশ দিয়েছেন আদালত।
দীর্ঘদিন ধরে বিরোধ চলছে গুলশান শপিং সেন্টার দোকান মালিক সমিতি ও ভূমি মালিকের মধ্যে। ভূমি মালিক চাইছেন শপিং সেন্টারটি ভেঙে বহুতল আধুনিক বাণিজ্যিক ভবন নির্মাণ করতে। আর দোকান মালিক সমিতি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেতে ভূমি মালিকের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।
এরই মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে আসা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত গুলশান শপিং সেন্টারের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন। এখনো শপিং সেন্টারটির বিদ্যুৎ-সংযোগ বন্ধ আছে। মার্কেটটিতে বিদ্যুৎ-সংযোগ দিতে সে সময় দোকান মালিকদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। গত ১৬ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যবিশিষ্ট আপিল বিভাগের একটি বেঞ্চ গুলশান শপিং সেন্টারের বিষয়ে করা দুটি রিটের বিষয়ে রায় দেন। সম্প্রতি পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়।
যে প্রক্রিয়ায় মার্কেটটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তা নিয়ে রায়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়, বিদ্যমান দোকান মালিকদের কোনো আভাস না দিয়ে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করা হয়। বিদ্যুৎ-সংযোগ পাওয়ার অধিকার দোকান মালিকদের রয়েছে। মার্কেটের বিদ্যুৎ-সংযোগ দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে গুলশান শপিং সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সফরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রায় ১০ মাস ধরে বিদ্যুৎ না থাকায় মার্কেটের ব্যবসায়ীরা ভোগান্তি পোহাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত সংযোগ বন্ধ করার পরে সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে গিয়েও কাজ হয়নি। উচ্চ আদালতের রায়ের পর পুনরায় বিদ্যুৎ-সংযোগ দিতে আবেদন করা হয়েছে।
গত শুক্রবার বিপণিবিতানটিতে গিয়ে দেখা যায়, প্রায় সব দোকানের সামনেই ছোট ছোট জেনারেটর। নিচতলার একটি বড় আকৃতির জেনারেটর থেকে দোকানগুলোতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ফেব্রুয়ারিতে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়ার পরে ব্যবসায়ীদের টাকায় নতুন আরেকটি জেনারেটর বসানো হয়েছে।
গুলশান-১ নম্বর গোলচত্বরে ১ বিঘা ১৫ কাঠা জায়গার ওপর গুলশান শপিং সেন্টারটি নির্মিত। বিপণিবিতানটিতে প্রায় ৭০০ দোকান রয়েছে। ভূমির মালিক দোকানের পজেশনগুলো দোকান মালিকদের কাছে বিক্রি করেন। বিপণিবিতানটি রাজউক চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে। বেশ কয়েক বছর আগে ভূমির মালিক ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। নতুন ভবন হলে সেখানে বর্তমান দোকান মালিকদের পুনর্বাসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় দোকান মালিকেরা উচ্চ আদালতের শরণাপন্ন হন।
আদালত ওই রায়ে বলেন, জমির মালিক নতুন ভবন নির্মাণ করলে বর্তমান দোকান মালিকদের দোকানের জায়গা দিতে হবে। এখন যাঁর দোকান যে তালায় নতুন ভবনেও তাঁকে সেই তালায় জায়গা দিতে হবে।
গুলশান শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হাম্মাদুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমির মালিককে নতুন ভবন নির্মাণের জন্য জায়গা বুঝে নেওয়ার তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করতে আদালত নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, বর্তমান দোকান মালিকদের নবনির্মিত ভবনে দোকানের বাজারমূল্যের এক-চতুর্থাংশ পরিশোধ করতে হবে।
এ বিষয়ে কথা বলতে ভূমি মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।