গুলশান শপিং সেন্টারে সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগের নির্দেশ
প্রায় ১৭ মাস ধরে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকা রাজধানীর গুলশান শপিং সেন্টার কমপ্লেক্সে সাত দিনের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই বিপণিবিতানে ৭২৫টি দোকান রয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) গুলশান কার্যালয়ের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। বিদ্যুৎ-সংযোগ চেয়ে ওই শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ, আবদুল মতিন খসরু ও হোসাইন আহমেদ আশিক। ভূমিমালিকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও রোকন উদ্দিন মাহমুদ।
পরে আইনজীবী আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য প্রার্থনা করা হলে আদালত সাত দিনের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দিতে রাজউক ও ডেসকোকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ফেব্রুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে যাওয়া রাজউকের ভ্রাম্যমাণ আদালত গুলশান শপিং সেন্টারের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন। সেই থেকে শপিং সেন্টারটির বিদ্যুৎ-সংযোগ বন্ধ আছে। সেখানে বিদ্যুৎ-সংযোগ দিতে গত বছরের মার্চে দোকান মালিকদের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য সমিতির করা আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে রাজউক ও ডেসকোকে নির্দেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে গত বছরের ৯ মার্চ আবেদন করেন মার্কেটের ভূমিমালিক। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। পরে মালিকপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ গত বছরের ১৬ আগস্ট রায় দেন। বেআইনিভাবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে রায়ে বলা হয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ভূমিমালিক আপিল বিভাগে আবেদন (রিভিউ) করেন। এ অবস্থায় চলতি বছর দোকান মালিক সমিতির পক্ষে বিদ্যুৎ পুনঃসংযোগের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়। শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগ বিদ্যুৎ-সংযোগ দিতে নির্দেশ দেন। এ ছাড়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত পুনর্বিবেচনা আবেদনের শুনানি মুলতবি করা হয়।