
ভবনের বেসমেন্ট বা ভূতলে গাড়ি রাখার জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য চলমান অভিযানে গুলশান শপিং সেন্টারের নিচতলার ৫০টির বেশি দোকান উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ছাড়া ফার্মগেট ও উত্তরায়ও উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে ৩০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়।
গতকাল সোমবার গুলশান ১ নম্বর গোলচত্বর এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামান।
অভিযানের বিষয়ে আদিলউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শপিং সেন্টারটি যে ভবনে অবস্থিত, তার নকশাও ছিল ত্রুটিপূর্ণ। এ ছাড়া অবৈধভাবে নির্মিত নিচতলার দোকানগুলোর কারণে মূল সড়কের পাশে বৃত্তাকার ফুটপাতও দখল হয়েছিল। এ জন্য দোকানগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ত্রুটিপূর্ণ নকশার কারণে ভবনমালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
একই দিনে ফার্মগেট ও পান্থপথ এলাকায় পরিচালিত অভিযানে ভবনের নিচতলার গাড়ি রাখার জায়গায় দোকান স্থাপনের জন্য ফার্মভিউ সুপার মার্কেটকে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদন ছাড়া গাড়ি রাখার জায়গায় বইয়ের দোকান বসানোর জন্য আইডিয়াল কমার্স কলেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি দোকানটি ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। তত্ত্বাবধানে ছিলেন জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। অভিযানে আরও কয়েকটি রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান, গ্রিনভিউ সুপার মার্কেটসহ দুটি বাড়ির মালিককে সর্বমোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
উত্তরায় পরিচালিত অভিযানে গাড়ি রাখার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি কয়েকটি ভবনের র্যাম্প ভেঙে দেওয়া হয়। জরিমানা করা হয় আট লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় দুই শতাধিক ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় রাজউকের পক্ষ থেকে।