রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংকের গুলশান, শান্তি-নগর ও দিলকুশা শাখার মাধ্যমে নতুন ঋণ ও অগ্রিম অনুমোদন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে এই তিন শাখা থেকে ইতিমধ্যে অনুমোদন করা ঋণ যেটুকু এখনো বিতরণ হয়নি, তা বিতরণের আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির মাধ্যমে গুণগত মান নিশ্চিত (ডিউডিলিজেন্স) করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ও ৪৫ ধারার ক্ষমতা প্রয়োগ করে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশ দিয়েছে। আইনের ২৯ ধারায় ব্যাংক কোম্পানির অগ্রিম প্রদানে নিয়ন্ত্রণ এবং ৪৫ ধারাতে ব্যাংকের আমানতকারী ও জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংককে এ ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে৷
বাংলাদেশ ব্যাংক অন্তত আটটি গুরুতর অভিযোগ প্রমাণের ভিত্তিতে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে গত রোববার দুই বছরের জন্য অপসারণের এক দিন পর গতকাল নতুন এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এমডি অপসারণের পর ব্যাংকটি ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে থাকা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহানের কাছে এই নির্দেশ গতকাল বিকেলে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রথম আলোর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছি। গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে ব্যাংকটিতে অনেক ঋণ অনিয়ম ইতিপূর্বে আমাদের পরিদর্শক দল আবিষ্কার করে। এ জন্য ব্যাংক ও জনস্বার্থে এসব নিয়ন্ত্রণমূলক সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বেসিক ব্যাংকের গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে এর আগে অন্তত চার হাজার ৫০০ কোটি টাকার গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে আবিষ্কার করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল। তিন বছরের বেশি সময় ধরে এসব তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই তিন শাখাতেই ব্যাংকের ৬০ শতাংশ বা প্রায় ছয় হাজার ৬৫০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে৷
অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, বেসিক ব্যাংকের গুলশান শাখা যা খুশি তাই করছে। অবিলম্বে এই শাখা বন্ধ করে দেবেন তিনি। আর রোববার মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম গুলশান শাখার ঋণ বিতরণ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ জারি করার পরামর্শ দিয়ে চিঠি পাঠান। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আলোচনা ছিল, একটি শাখার ঋণ বন্ধ করলে ব্যাংকের পর্ষদ অন্য শাখার মাধ্যমেও ঋণ বিতরণ করতে পারবে। ফলে সব শাখা থেকেই আপাত ব্যবস্থা হিসাবে ঋণ বন্ধ করা উচিত হবে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকের ৬০ শতাংশ ঋণ বিতরণ করা তিন শাখার নতুন ঋণ বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। নির্দেশে আরও উল্লেখ করা হয়, এর পরও যদি কোনো শাখার ঋণ বিতরণে অনিয়ম দেখা যায়, তাহলে সেই শাখার ঋণ বিতরণেও ব্যবস্থা নেওয়া হবে৷
যোগাযোগ করা হলে বেসিক ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশটি পাওয়ার কথা স্বীকার করেন। গতকাল বিকেলে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভায় ডিএমডি ফজলুস সোবহানকে চলতি দায়িত্ব দেওয়া হয়।
সংশোধনী: গতকাল প্রথম আলোতে প্রকাশিত ‘বেসিক ব্যাংকের এমডি ফখরুল ইসলাম অপসারিত’ শীর্ষক সংবাদের শেষ প্যারাতে বেসিক ব্যাংকের সাময়িকভাবে বরখাস্তকৃত ডিএমডি মোনায়েম খান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর পরিবারের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশের তথ্য রয়েছে। সেখানে বরখাস্তকৃত শব্দের পর ব্র্যাকেটে ‘বর্তমানে আদালতের স্থগিতাদেশ রয়েছে’ উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, হাইকোর্ট চার সপ্তাহের জন্য সময় বেঁধে দিয়ে কেন সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ হবে না, তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।