গুলশান, শোলাকিয়ায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান

কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এখন থেকে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা বলেন।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
পুলিশপ্রধান বলেন, নিহত ওই পুলিশ সদস্য যত দিন চাকরি করতেন, তত দিন পর্যন্ত তাঁর পরিবারের তিন সদস্য রেশন পাবেন। এর আগে কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশ সদস্য মারা গেলে তাঁর রেশন বন্ধ হয়ে যেত।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশপ্রধান বলেন, নিহত চার পুলিশ সদস্য জননিরাপত্তা বিধানে তাঁদের জীবন উৎসর্গ করে পুরো পুলিশ বাহিনীকে ঋণী করেছেন। পুলিশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে তাঁদের অবদানের কথা স্মরণ করবে।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ ও আহত তিন পুলিশ সদস্যের পরিবারের হাতে ১ কোটি ২৮ লাখ টাকার অনুদান তুলে দেন আইজিপি। ডিএমপির পক্ষ থেকে নিহত চারজনের পরিবারকে ১ কোটি ৬ লাখ এবং আহত তিন পুলিশের পরিবারকে ৪ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত পুলিশ সদস্যদের জন্য ১৬ লাখ এবং আহত সদস্যদের পরিবারকে ২ লাখ টাকা দেওয়া হয়।