গুলশান-শোলাকিয়ার ঘটনা সহজভাবে নিইনি: প্রধানমন্ত্রী
গুলশান ও শোকাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে সকল বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় সংসদকে তিনি বলেন, এই ঘটনাকে আমরা সহজভাবে নিইনি। আমি এই ঘটনার জন্য একটা বিশেষ তদন্ত টিম করে দিয়েছি। প্রায় সকল বাহিনীকে নিয়ে এই বিশেষ টিম করা হয়েছে।
মঙ্গলবার সংসদে গুলশান, শোলাকিয়া, সৌদি আরবের মদিনা, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নিন্দা প্রস্তাবটি সর্বসম্মতক্রমে সংসদে গৃহীত হয়। নিন্দা প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সন্ত্রাসের মূল উৎপাটন করা। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে হবে। এরা কোথা থেকে মদদ পাচ্ছে? কোথা থেকে এদের অর্থ ও অস্ত্র আসছে? কারা এদের পরামর্শ দিচ্ছে? সবকিছু খুঁজে বের করার পদক্ষেপ নিচ্ছি। দু’একজন আসামি ধরে কর্তব্য শেষ করে ফেললাম-বিষয়টি এমন নয়। একেবারে শেকড় পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর তার সূত্র ধরে এখন সারা দেশে কম্বিং অপারেশন চলছে। এমনকি দুর্গম চর এলাকায় অপারেশন চলছে। আমরা যেকোনোভাবে হোক সন্ত্রাসীদের গ্রেপ্তার করব। এদের দমন ও বিচার আমরা করতে সক্ষম হব।
ইতিমধ্যে অনেক তথ্য পেয়েছি
গুলশানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। কিন্তু এদের সাথি আরও ছিল। ওই অঞ্চলের সমস্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। আজকেও আমি কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। আমরা ওদের গতিবিধি পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যে আমরা অনেক তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
‘প্রোটেকশন আল্লাহ ভরসা’
আলোচনায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, একদিনে এ ঘটনা ঘটেনি। অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা মিলে এই ঘটনা। যখন ব্লগার মারা হলো তখন তো আমরা গোড়া খুঁজতে যাইনি, গুরুত্ব দিইনি। তিনি আরও বলেন, কর্মসংস্থান না থাকা লোকেরাই তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। ছয় লাখের লোকের কর্মসংস্থান করেছেন। এগুলো সরকারি দলের লোকেরা পেয়েছে। জনগণতো পায়নি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কী পড়াশোনা হচ্ছে খোঁজ নিতে হবে। একটা শিক্ষিত ছেলে জাস্ট একটা টাইম বোমা।
বাংলাদেশের ওপর থেকে বিদেশিদের আস্থা চলে গেছে উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রী বলেন, ‘অনেক ফরেনার চলে গেছে। ২০টি ফ্যামিলি, আমি যেখানে থাকি সেখান থেকে চলে গেছে। নিজের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে রওশন এরশাদ বলেন, ‘মন্ত্রীদের প্রোটেকশন জন্য পুলিশ দেওয়া হয়। এমপিদের জন্য কিছুই নেই। আমার বাড়িতে ৬ জন পুলিশ। দুজন করে আসে। প্রোটেকশন আল্লাহ ভরসা।’
নিন্দা প্রস্তাবে শেখ সেলিম বলেন, ‘যখন গুলশানে ঘটনা ঘটেছিল তখন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে অনেকের সঙ্গে এবং দেশে তার এক কাজের লোকের সঙ্গে যোগাযোগ করেছে। হামলার পর খালেদা জিয়া বলেছে সরকার ব্যর্থ হয়েছে। তিনি জঙ্গিদের আড়াল করতে এটা বলেছে কী না, পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কীনা তা খুঁজে দেখতে আমি আইন প্রয়োগকারী সংস্থাকে বলব।’
বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘নর্থসাউথ মানুষ শিক্ষা দেয় না, তারা জঙ্গি শিক্ষা দেয়। সরকারকে বলব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে অপরাধী আছে, অবিলম্বে তাদের ধরে আইনের আওতায় আনা হোক।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই খালেদা জিয়া চক্রান্ত শুরু করেছেন। অস্বাভাবিক সরকার আনার জন্য এবং অস্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য চক্রান্ত শুরু করেছিলেন। এদের নীতি হচ্ছে, অস্বাভাবিক পরিবেশ তৈরি করো, সরকার উৎখাত করো এবং অস্বাভাবিক সরকার আন। খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় না দিলে অনেক আগে জঙ্গিবাদ সমূলে উৎখাত করতে পারতাম, জঙ্গি উৎপাত বন্ধ করতে পারতাম। কেবল জঙ্গিদের দোসর ছাড়া সকল জাতি আজ ঐক্যবদ্ধ।’
দীপু মনি বলেন, ‘যারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা, অর্থের জোগানদাতা, জঙ্গিবাদের হোতা তাদের সঙ্গে ঐক্যের প্রশ্নই ওঠে না। বিএনপির নেতারা বলছেন, তাদের নেতাদের নাকি গুম করা হচ্ছে। তাহলে কী তথাকথিত এই গুম হওয়া নেতারা জঙ্গি হয়ে গেছেন?’
বাংলাদেশ শুধু নিবরাসের নয়, ফারাজেরও দেশ
জাসদের মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘বাংলাদেশ শুধু নিবরাসের দেশ নয়। বাংলাদেশ ফারাজেরও দেশ। এই কথাটা তো কেউ একবারও বললেন না? সে বুক চিতিয়ে বলেছিল, আই উইল নট গো অ্যালোন।’
আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আমেরিকার একটা ব্যারাম হয়ে গেছে। কিছু ঘটলেই এসে তারা বলেন, এটা আইএসের কাজ। তাহলে আমেরিকায় যে হামলা হচ্ছে, পুলিশ মরছে সেটা কে ঘটাচ্ছে? তুরস্কে বিমানবন্দরে হামলা হলো, সৌদির আরবে যে হামলা হলো-সেটা কারা করছে?
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমাদের দেশে আইএসএর কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তবে তাদের ভাবাদর্শের সন্ত্রাসী রয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গুলশান ও শোলাকিয়ার ঘটনার পেছনে রয়েছে মীর কাশেম আলীর হাজার কোটি টাকা। এই টাকা কিছু নড়াচড়া করবে না, এটা তো হয় না।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, কীভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হলো? অনেক দেশ সমবেদনা জানিয়েছে। সবাই বাংলাদেশের পাশে থাকবে। আমাদের রপ্তানি বাজার নষ্ট হবে না। বাংলাদেশ থেকে যারা গার্মেন্টস নেন, তারা বলেছে, বাংলাদেশ সঙ্গে ব্যবসা অব্যাহত রাখবে।
জঙ্গিরা বের হতে না পেরে হামলা চালায়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এত বড় হত্যা জঙ্গিদের দ্বারা আমরা দেখিনি। ঢাকা শহর প্রস্তুত ছিল। ৩ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যান। তারা ওই এলাকা ঘিরে রাখেন। পুলিশ কিন্তু যাওয়ার আগে জঙ্গিরা জিম্মিদের মেরে ফেলে। বের হতে না পেরে পুলিশের ওপর হামলা চালায়। প্রধানমন্ত্রী সময় দিলেন। কিন্তু জঙ্গিরা তাদের সিদ্ধান্ত পাল্টায়নি। শেষ পর্যন্ত সকালে অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। শোলাকিয়াতেও আমরা আগে থেকে তৈরি ছিলাম।
আরও বক্তৃতা করেন আব্দুল মতিন খসরু, জাহাঙ্গীর কবীর নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল মান্নান, হাছান মাহমুদ, শহীদুজ্জামান সরকার, ফজিলাতুন নেসা বাপ্পী, তাহজীব আলম সিদ্দিকী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বিএনএফ-এর আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।