গুলশান সেন্টারে গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গুলশান সেন্টারে আলোচিত গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনজুরুল হক খানের আদালতে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ মামলার পাঁচ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন হয়। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মুফতি হান্নান মামলার পুনঃতদন্ত দাবি করেন। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ৭ আগস্ট সন্ধ্যায় সিলেট নগরের গুলশান সেন্টারে নগর আওয়ামী লীগের সভা চলাকালে গ্রেনেড হামলা হয়। এতে নগর আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত ও আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পরদিন সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটো মামলা করেন। ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হলে গ্রেনেড হামলার নেপথ্যে জঙ্গি হামলার বিষয়টি সামনে আসে। পরে বিশেষ তদন্তে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে গ্রেনেড হামলার দুটো মামলায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম, মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ ওরফে অভি, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলওয়ার হোসেন রিপন ও পলাতক জঙ্গি হিমু ওরফে হুমায়ূন কবীরকে আসামি করা হয়। ২০০৮ সালের মার্চে মামলার তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে ওই ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতে স্থানান্তরিত হলে গতকাল অভিযোগ গঠন করা হয়।পুনঃতদন্ত দাবি: মামলার আসামি হিমু পলাতক রয়েছেন। অভিযোগ গঠনকালে কাঠগড়ায় ছয় আসামির মধ্যে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। এ সময় মুফতি হান্নান নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে বলেন, ‘এ ঘটনায় আমরা জড়িত নই। আওয়ামী লীগ নেতাদের হত্যার ষড়যন্ত্র লুৎফুজ্জামান বাবর করেছেন। সিলেটি মানুষকে দিয়ে সিলেটি নেতাদের হত্যা করতে চেয়েছিলেন তিনি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করুন। অনেক ঘটনা আছে—যেগুলোর মূল পরিকল্পনাকারী বাবর।’এ ব্যাপারে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ দাবির বিষয়ে আদালত বিবেচনা করবেন। প্রতিক্রিয়া: এদিকে মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগের নেতা মিসবাহউদ্দিন সিরাজ।