গুলশান হামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৬ জুলাই
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি পুলিশ। আদালত আগামী ১৬ জুলাই ওই প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ দিন ধার্য করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করার এই মামলার আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় আদালত নতুন তারিখ ঠিক করেছেন।
আদালত সূত্রে বলছে, মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এই মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে বড় মিজান, হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ও রাকিবুল হাসান ওরফে রিগ্যান।
গত ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। এ হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।