গুলশান হামলার জঙ্গিরা উত্তেজক মাদক নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হলি আর্টিজানে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর সময় জঙ্গিরা সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তারা কোনো উত্তেজক মাদক সেবন করেনি। ভিসেরা পরীক্ষায় তাদের শরীরে মাদক বা কোনো ধরনের উত্তেজক পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ তাঁদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সোহেল মাহমুদ বলেন, সিআইডির তত্ত্বাবধানে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে গুলশান, নারায়ণগঞ্জ ও কল্যাণপুরে নিহত ১৮ জঙ্গির ভিসেরা (পাকস্থলী, লিভার ও কিডনি) এবং রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৩ অক্টোবর সবগুলোরই প্রতিবেদন আসে। কিন্তু তাদের শরীরে কোনো ড্রাগ বা উত্তেজকের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আর্টিজানের ২০ জনের ময়নাতদন্ত আমিই করেছি। এই ২০ জনের মধ্যে যারা ইতালীয় ছিল, তাদের অনেকেই ছয় ফুটের চেয়ে বেশি লম্বা ছিল এবং সবার স্বাস্থ্য ভালো ছিল। এদের সবাইকে মাত্র ছয়জন মিলে মারতে অতিরিক্ত শক্তির প্রয়োজন বলে আমার মনে হয়েছিল। এই প্রশ্নের উত্তর জানার জন্যই ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।’
সোহেল মাহমুদ বলেন, ‘ময়নাতদন্ত পর্যবেক্ষণ থেকে মনে হয়েছে, জঙ্গিরা সবাইকে গানপয়েন্টে নিয়ে সারেন্ডার করে ফেলে। এরপর সবাইকে পেছনে ফিরে দাঁড়াতে বলে। এরপর পেছন থেকে মাথায় গুলি করে। গুলির পর পড়ে গেলে হয়তো কুপিয়েছে।’
প্রসঙ্গত, নিহত এসব জঙ্গির রক্তের নমুনা ও চুলের রাসায়নিক পরীক্ষা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরীক্ষাগারে করা হয়েছে। এফবিআইয়ের পরীক্ষাগারের প্রতিবেদনেও একই ফল পাওয়া গেছে বলে পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে।