>কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গে গুলশানে হামলার জঙ্গিদের ঘনিষ্ঠ যোগসূত্র আছে বলে দাবি পুলিশের
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মূল পরিকল্পনকারী ও মদদদাতা হিসেবে ১০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে এই ঘটনায় করা মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
তদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা বলেন, হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গি সবাই অভিযানে নিহত হওয়ায় পুলিশের হাতে জোরালো সূত্র নেই। ফলে হামলার পেছনের পরিকল্পনাকারী ও মদদদাতাদের খুঁজে বের করা পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এ ঘটনার তিন সপ্তাহ পর গত ২৬ জুলাই রাজধানীর আরেক প্রান্তে কল্যাণপুরে একটি মেসে অভিযান চালিয়ে জঙ্গিদের আস্তানা উদ্ঘাটনের পর হলি আর্টিজানের তদন্ত নতুন মোড় নিয়েছে। কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গে গুলশানে হামলার জঙ্গিদের ঘনিষ্ঠ যোগসূত্র আছে বলে দাবি পুলিশের।
গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটি)। হামলাকারীরা কোন পথ দিয়ে কীভাবে এসেছেন, তাঁদের সঙ্গে আরও কেউ ছিল কি না, তা নির্ণয়ে গুলশান এলাকার বিভিন্ন সড়কের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা।
আশপাশের সড়কের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তার বলেন, রেস্তোরাঁয় হামলার সময় ৭৯ নম্বর সড়কে তিন যুবক সন্দেহজনক হাঁটাহাঁটি করছিলেন। গত ১৯ জুলাই এক নারীসহ চারজন সন্দেহভাজনের ভিডিও ফুটেজ প্রকাশ করে তাঁদের ধরিয়ে দিতে অনুরোধ করে র্যাব।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজের তিন যুবককে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হামলার আগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে জঙ্গিরা উঠেছিলেন বলে তথ্য পান তদন্তকারীরা। ফ্ল্যাটের মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, বাসার তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরীকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার দায়ে বাড়ির মালিক সাবেক শিক্ষক নুরুল ইসলামকেও ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দারা বলছেন, গুলশানে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হলেন জেএমবির একজন শীর্ষ নেতা। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়ক তামিম আহমেদ চৌধুরী নামের এক কানাডাপ্রবাসী। তবে তামিমকে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় আসামি করা হয়েছে। অভিযানে আহত জঙ্গি রাকিবুল হাসান ওরফে রিগ্যানের বরাত দিয়ে করা মামলায় বলা হয়, তামিম চৌধুরী কল্যাণপুরে জঙ্গি আস্তানায় গিয়ে টাকাপয়সা দিতেন। তাঁদের জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেন। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা বলেন, পুলিশের কাছে তথ্য আছে, তামিম চৌধুরী বর্তমানে দেশে আছেন। তিনি চিকিৎসকের মাস্ক পরে চলাচল করেন এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করেন।
গুলশান হামলার পরিকল্পনাকারীদের তালিকায় আরও আছে রিপন, খালেদ, জুনায়েদ খান ও তাঁর ভাই ইব্রাহীম খানের নাম। বাকি পাঁচজনের নাম জানাতে চাননি তদন্তকারীরা।
১০ পরিকল্পনাকারী ও মদদদাতার তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে দাবি করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি রায়হান কবির ওরফে তারেক গাইবান্ধার সাদুল্যাপুরের চরাঞ্চলে প্রশিক্ষণ দিয়েছেন হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের।
ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গিরা গুলশানের হামলায় অংশ নেওয়া গ্রুপের সদস্য বলে প্রমাণ পাওয়া গেছে। কল্যাণপুরে জঙ্গিরা একই ধরনের পোশাক-পরিচ্ছদ, ব্যাকপ্যাক ও বিশেষ রুমাল ব্যবহার করেছিলেন। সেই সন্ত্রাসী হামলার ধরন, হামলাকারীদের বয়সের সঙ্গেও কল্যাণপুরে জঙ্গিদের মোটামুটিভাবে মিল রয়েছে।