গুলশান হামলার দায় স্বীকার করে 'রাজীব গান্ধী'র জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে ‘রাজীব গান্ধী’। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে রাত সোয়া নয়টার দিকে আদালত থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, গত বছরের ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী এই রাজীব গান্ধী। চলতি বছরের ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে তিনি জবানবন্দি দেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেছিলেন, জঙ্গিনেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন এই রাজীব গান্ধী। জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলীসহ ২২টি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী রাজীব।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নব্য জেএমবিতে যোগ দেওয়ার আগে রাজীব গান্ধী জেএমবির শ‌ুরা সদস্য নজরুল ইসলামের সহযোগী ছিলেন। তাঁর মাধ্যমেই গুলশান হামলায় অংশগ্রহণকারী মো. খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন, শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ নব্য জেএমবিতে যোগ দেন। শোলাকিয়া হামলায় জড়িত শফিউল ইসলাম ওরফে ডনকেও তিনি প্রস্তুত করেছিলেন।