গুলশান হামলার মদদদাতারা চিহ্নিত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১ জুলাইয়ের হামলায় (গুলশান হামলা) যাঁরা যাঁরা জড়িত যাঁরা যাঁরা মদদ দিয়েছেন, তাঁদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তিনি বলেন, ‘যাঁরা যাঁরা এ​র মদদ দিচ্ছেন, তাঁদের আমরা চিহ্নিত করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎ​পর। আমরা মনে ক​রছি আমরা সঠিক পথে চলছি। আমরা যারা জড়িত, তাদের ঠিকমতো চিহ্নিত করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুনসন্ত্রাস করে যারা সরকারকে পর্যুদস্ত করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়ে গুপ্তহত্যায় লিপ্ত হয়েছিল। তারাই টার্গেট কিলিং করছে। তবে সে প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। সরকার এগুলো মোকাবিলা করে ওভারকাম করে চলছে। গুলশান হামলার আগে যে সাঁড়াশি অভিযান চালিয়েছিল, এখন আবার তা চলবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ধরনের অভিযান সব সময়ই চলে। কখনো ঘোষণা দিয়ে চলে, কখনো ঘোষণা ছাড়াই চলে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সময় অভিযান চালাতে পারে।