গুলশান হামলার মূল হোতারা গ্রেপ্তার যেকোনো মুহূর্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার মূল হোতাদের যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে। পুলিশ তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ মহানগর উত্তর আয়োজিত ‘টার্গেট আগস্ট: ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের (মূল হোতাদের) আমরা চিহ্নিত করেছি, তাঁদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো সময় তাঁদের গ্রেপ্তার করা হবে।’

সাংবাদিকদের অপর একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় জঙ্গি ছাড়াও রাজনৈতিক মদদ রয়েছে। যারা আগে জামায়াত-শিবির করত, যারা বাগমারায় বাংলা ভাইকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরই নেতৃত্বে এই হামলা হয়েছে।’

প্রধান আলোচকের বক্তব্যে সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা সফল হয়নি। সেই তারাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সারা দেশে যেসব জঙ্গি হামলা ঘটছে, সবগুলো ওই সব পরাজিত শক্তির চক্রান্ত।