গুলশান হামলাসহ সব নীলনকশা সরকারের হাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যা থেকে শুরু করে সর্বশেষ গুলশান ও শোলাকিয়া হামলা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীদের নীলনকশা সরকারের হাতে এসে গেছে।
রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে, জঙ্গি হামলা তারই একটি ধারাবাহিকতা ও অংশ। যতগুলো প্রমাণ আমাদের কাছে আসছে সবগুলোই একই সুতোয় গাঁথা। যে যেই ষড়যন্ত্র করুক তাদের নীলনকশা আমাদের কাছে এসে গেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হামলার পেছনে কারা জড়িত আমরা সবকিছু জানতে পেরেছি। আমরা সিজার তাবেলা থেকে শুরু করে সব হত্যাকাণ্ড কেন ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে তা জানতে পেরেছি।’
সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘প্রতিদিন আমাদের সামনে নতুন করে একটি চ্যালেঞ্জ আসছে। আপনারা দেখেছেন, গুলশান ট্র্যাজেডির পরপরই শোলাকিয়া ট্র্যাজেডি ঘটেছে। এই দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হত্যাকাণ্ড আমাদের নিরাপত্তা বাহিনী চিহ্নিত করেছে। হত্যাকাণ্ডগুলোর জন্য আমরা কয়েক শ অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি।’
সভায় অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক কি মামুনের (গিয়াসউদ্দিন আল মামুন) বোন জামাই যে উনি (তারেক) মামুনের ক্রেডিট কার্ড দিয়ে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করেছেন?’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে মূলত দুটি রাজনৈতিক দল জড়িত। একটি হচ্ছে বিএনপি, আরেকটি জামায়াত। প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা ধরা পড়েছে, যারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তারা বিএনপি-জামায়াতের লোক।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গুলশান হামলার পর নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা গুলশানে নয়টি গেট করেছি। গুলশানে যাতায়াতে যাত্রী পরিবহনে বিশেষ ব্যবস্থা করছি। বনানীতে চারটি গেট করছি। ৫০০ রিকশা এনেছি, তা আলাদা রং করা হচ্ছে। লোকাল সিকিউরিটি বাহিনী গড়ে তুলছি।’
মেয়র আরও বলেন, ‘রাজনৈতিকভাবে আমরা সব সময় কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হই। বিদেশিরা ভয় পাচ্ছে। তাদের এই ভয় থেকে বের করে আনতে হবে। আমরা যদি ভয় পাই, তাহলে আমরা এই যুদ্ধে জয়ী হব না।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান।