গুলশান হামলায় গ্রেপ্তার হাসনাতের বাবা মারা গেছেন
গুলশানে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হাসনাত করিমের বাবা রেজাউল করিম (৭৬) মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসনাত করিমের স্ত্রী শারমিনা করিম প্রথম আলোকে বলেন, দীর্ঘ দিন থেকে রেজাউল করিম কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত তাঁর কিডনির ডায়ালাইসিস করতে হতো। পাঁচ-ছয় দিন আগে গুলশানের বাসায় থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সোমবার সকালে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
শারমিনা বলেন, কারাগারে থাকা হাসনাত করিমকে তাঁর বাবার মৃত্যুর খবর এখনো জানানো হয়নি। তিনি বলেন, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দাফন সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পেশায় প্রকৌশলী রেজাউল করিম অবসর জীবন-যাপন করছিলেন। তাঁর দুই মেয়ে এক ছেলে আছে। দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দিন সেখানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে খেতে গিয়েছিলেন হাসনাত করিম। পরদিন সকালে তারা জিম্মিদশা থেকে মুক্তি পান। তবে জঙ্গিদের সঙ্গে কথোপকথনরত অবস্থায় হাসনাত করিমের কিছু ভিডিও দেখে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁকে প্রথমে আটক করে। পরে গুলশান হামলা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।