গুলশান হামলায় নিহত জাপানের নাগরিকদের স্মরণ
রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিককে স্মরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শোকসভা ও মৌন মিছিল করেন সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীরা।
শোকসভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জাপান স্টাডি সেন্টারের ঘোষিত ‘ছাত্র-শিক্ষক প্রতিবাদী শোক সপ্তাহ’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
সভাপতির বক্তব্যে জাপান স্টাডি সেন্টারের পরিচালক অধ্যাপক আবুল বারকাত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মূলধারার শিক্ষার সঠিক পাঠ দেওয়া হয় না। বাণিজ্যিক উদ্দেশ্যে স্থাপিত এসব প্রতিষ্ঠানে দর্শন, ইতিহাস বা নীতিনৈতিকতা পড়ানো হয় না। তিনি প্রশ্ন করেন, ‘তাহলে মাদ্রাসাশিক্ষার সঙ্গে তথাকথিত মূলধারার শিক্ষার পার্থক্য কী?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘জঙ্গিবাদ এখন আর ছোট করে দেখার সুযোগ নেই। এটি একটি সামাজিক ব্যাধি। সরকারের উচিত হবে এর মূলোৎপাটন করা।’
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান শফিক উজ জামান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
পরে শিক্ষক-শিক্ষার্থীরা একটি মৌন মিছিল করেন। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।