গুলশান হামলায় পেয়ারের সম্পৃক্ততার প্রমাণ এখনো মেলেনি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানে হলি আর্টিজানে হামলায় মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো পেয়ার আহম্মদ আকাশের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখনো মেলেনি।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা ও দেশের কোনো জঙ্গি তৎপরতায় পেয়ারের কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফেনীতে একটি অস্ত্র মামলার আসামি পেয়ার। পালিয়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন তিনি। ইন্টারপোলের মাধ্যমে সেখানে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর মালয়েশিয়ার পুলিশ তাঁকে দেশে পাঠায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পেয়ারের জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। এমনকি মালয়েশিয়ার পুলিশও আমাদের এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।’
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক ও সামাজিক সমস্যা, এর সমাধানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু অপারেশনাল কাজই নয়, জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরিতেও অবদান রাখছে। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
আছাদুজ্জামান মিয়া সন্ত্রাস দমনে অংশীদারত্বমূলক পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, জনগণকে সম্পৃক্ত করে উদ্বুদ্ধকরণ সভা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদের সঙ্গে জঙ্গিবাদ দমনে সংলাপ অব্যাহত রয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটিকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
আরও পড়ুন: